সিডিপিএলকে দায়ী করে দাম পরিশোধের অনুরোধ যমুনা অয়েলের
চট্টগ্রাম থেকে পাইপলাইনের মাধ্যমে গত সেপ্টেম্বরে ডিজেল পাঠানোর পর নারায়ণগঞ্জের ফতুল্লা ও কুমিল্লা ডিপোয় দুই লাখ লিটারের বেশি ঘাটতি ধরা পড়ে। এর দায় পাইপলাইন পরিচালনাকারী প্রতিষ্ঠান সিডিপিএলের বলে দাবি করছে যমুনা অয়েল কোম্পানি লিমিটেড। এরই মধ্যে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মুস্তফা কুদরত-ই-ইলাহী স্বাক্ষরিত এক চিঠিতে সিডিপিএল প্রকল্প কর্তৃপক্ষকে ঘাটতি জ্বালানি তেলের দাম পরিশোধের অনুরোধ জানানো হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সিডিপিএলের (চট্টগ্রাম-ঢাকা পাইপলাইন) জ্বালানি তেল সরবরাহ কার্যক্রম শুরু হওয়ার পর গত ১৪-১৯ সেপ্টেম্বর পর্যন্ত চট্টগ্রাম টার্মিনাল থেকে ফতুল্লা ডিপোয় পাঠানোর জন্য ডিজেল পাম্প করা হয়। ২২ সেপ্টেম্বর যমুনা অয়েলের ২২ ও ২৩ নম্বর ট্যাংকে তা গ্রহণ করা হয়। এর মধ্যে ২২ নম্বর ট্যাংকের ধারণক্ষমতা ৭০ লাখ ৩৮ হাজার ৪০৪ টন ও ২৩ নম্বর ট্যাংকের ধারণক্ষমতা ৫০ লাখ ৫৯ হাজার ২৮২ টন হয়। ফতুল্লা ডিপোয় পাঠানো প্রথম পার্সেলে ঘাটতি হয় ১ লাখ ৮৯ হাজার ৯৬৬ লিটার ডিজেল। অন্যদিকে কুমিল্লা ডিপোর ট্যাংকে ৩৩ হাজার ৭৫৪ লিটার পানি পাওয়া যায়। এই দুই ডিপো মিলে ঘাটতি হওয়া ২ লাখ ২৩ হাজার ৭২০ লিটার তেলের দাম পাইপলাইন পরিচালনাকারী প্রতিষ্ঠান সিডিপিএলকে পরিশোধ করতে অনুরোধ জানিয়েছে যমুনা অয়েল কোম্পানি


