বিশ্ববাজারে লাফিয়ে বাড়ছে তেলের দাম
ট্রাম্পের হুঁশিয়ারির পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধির আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম আবারও ঊর্ধ্বমুখী হয়েছে। বিনিয়োগকারীদের উদ্বেগের মধ্যে ব্রেন্ট ও যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ব্যারেলপ্রতি ১১০ ডলারের কাছাকাছি অবস্থান করছে।
বাজারে মঙ্গলবার ব্রেন্ট ক্রুডের দাম ০.৪ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১১০.১৯ ডলারে পৌঁছেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট তেলের দাম ০.৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১১৩.৩১ ডলার।
বাজার বিশ্লেষকেরা বলছেন, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত এবং সরবরাহব্যবস্থা ব্যাহত হওয়ার আশঙ্কাই মূলত তেলের দাম বাড়ার পেছনে কাজ করছে। বিশেষ করে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহপথ হরমুজ প্রণালিকে ঘিরে অনিশ্চয়তা পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালি চালু করতে ইরানকে সময়সীমা বেঁধে দেওয়ায় উত্তেজনা আরো বেড়েছে। সময়সীমা শেষ হওয়ার আগে কোনো সমাধান না এলে পরিস্থিতি আরো অবনতির আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।


