শিরোনাম

South east bank ad

বাড়ল নিম্নস্তরের সিগারেটের দাম

 প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   ক্রয়-বিক্রয়

বাড়ল নিম্নস্তরের সিগারেটের দাম

নিম্নস্তরের সিগারেটের অবৈধ বাণিজ্য রোধ এবং রাজস্ব ঘাটতি কমাতে এ স্তরের সিগারেটের সর্বোচ্চ খুচরা মূল্য বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রতি ১০ শলাকা সিগারেটের সর্বোচ্চ খুচরা মূল্য ৬২ টাকা থেকে বাড়িয়ে ৬৫ টাকা করা হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনের মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত ২০তম বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠক পরবর্তী সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর আওতায় নিম্নস্তরের সিগারেটের ন্যূনতম মূল্য পুনর্নির্ধারণ করা হয়েছে। এ লক্ষ্যে সিগারেটের মূল্য নির্ধারণ এবং সিকিউরিটি স্ট্যাম্প ও ব্যান্ডরোল ব্যবহার সংক্রান্ত বিদ্যমান দুটি প্রজ্ঞাপন সংশোধনের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, নিম্নস্তরের তামাকজাত পণ্যের অবৈধ বাণিজ্য প্রতিরোধ এবং তামাক খাত থেকে রাজস্ব ঘাটতি কমানোর লক্ষ্যেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের বিজ্ঞপ্তিতে বলা হয়, নিম্নস্তরের সিগারেটের সর্বোচ্চ খুচরা মূল্য (প্রতি ১০ শলাকা) ‘৬২ টাকা ও তদূর্ধ্ব’-এর পরিবর্তে ‘৬৫ টাকা ও তদূর্ধ্ব’ পুনর্নির্ধারণ করে সিগারেটের মূল্য নির্ধারণ এবং স্ট্যাম্প ও ব্যান্ডরোল ব্যবহারসংক্রান্ত দুটি প্রজ্ঞাপন সংশোধনের প্রস্তাব করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সিদ্ধান্তের ফলে নিম্নস্তরের সিগারেটের অবৈধ বাণিজ্য কমবে এবং সরকারের রাজস্ব ঘাটতি হ্রাস পাবে।

মন্ত্রিসভা বৈঠকে প্রস্তাবটি অনুমোদন করা হয়েছে বলে মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

BBS cable ad