শিরোনাম

South east bank ad

৫০ লাখ শেয়ার উপহার পেলেন স্ট্যান্ডার্ড ব্যাংকের পরিচালক

 প্রকাশ: ১১ জুন ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   ব্যাংক

৫০ লাখ শেয়ার উপহার পেলেন স্ট্যান্ডার্ড ব্যাংকের পরিচালক

পুঁজিবাজারে তালিকাভুক্ত স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসির উদ্যোক্তা পরিচালক ফিরোজুর রহমান ৫০ লাখ ৫৮ হাজার ৮৫০ শেয়ার উপহার হিসেবে পেয়েছেন।

স্ত্রী, পুত্র ও কন্যার কাছ থেকে এসব শেয়ার উপহার পেয়েছেন তিনি। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ট্রেডিং সিস্টেমের বাইরে এ শেয়ার হস্তান্তর সম্পন্ন হয়েছে। ডিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে।

তথ্যানুসারে, ফিরোজুর রহমান তার স্ত্রী মর্জিনা বেগমের কাছ থেকে ৫ লাখ ৮৭ হাজার ২৪৯টি শেয়ার, তার পুত্র শেখ ওমর ফারুকের কাছ থেকে ৫ লাখ ৮৮ হাজার ৭২, তার পুত্র ওমর খাইয়ুমের কাছ থেকে ৭ লাখ ২৬ হাজার ৮২১, তার পুত্র কাইয়ুমের কাছ থেকে ৭ লাখ ২৬ হাজার ৮২১, তার কন্যা নারগিস মাহমুদার কাছ থেকে ৫ লাখ ৮৮ হাজার ৭২ ও তার পুত্র ওমর নাঈমের কাছ থেকে ১৮ লাখ ৪১ হাজার ৮১৫টি শেয়ার উপহার পেয়েছেন। তারা সবাই ব্যাংকটির সাধারণ বিনিয়োগকারী।

আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৬ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) স্ট্যান্ডার্ড ব্যাংকের শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ২ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১৫ পয়সা। ৩১ মার্চ ২০২৬ শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৬ টাকা ৯৫ পয়সায়।

সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৫ হিসাব বছরে ব্যাংকটি বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দেয়নি ব্যাংকটি। আলোচ্য হিসাব বছরে স্ট্যান্ডার্ড ব্যাংকের সমন্বিত ইপিএস হয়েছে ৭২ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৭৪ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৫ শেষে ব্যাংকটির সমন্বিত এনএভিপিএস দাঁড়িয়েছে ১৬ টাকা ৯৪ পয়সায়।

২০২৪ হিসাব বছরে ব্যাংকটি বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দেয়নি। আলোচ্য হিসাব বছরে স্ট্যান্ডার্ড ব্যাংকের ইপিএস হয়েছে ৭৪ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ২৪ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৪ শেষে ব্যাংকটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৬ টাকা ৬৩ পয়সায়।

২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের ৫ শতাংশ লভ্যাংশ দিয়েছে ব্যাংকটি। এর মধ্যে ২ দশমিক ৫০ শতাংশ নগদ ও ২ দশমিক ৫০ শতাংশ স্টক লভ্যাংশ। আলোচ্য হিসাব বছরে স্ট্যান্ডার্ড ব্যাংকের ইপিএস হয়েছে ১ টাকা ২৭ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৩ পয়সা (পুনর্মূল্যায়িত)। ৩১ ডিসেম্বর ২০২৩ শেষে ব্যাংকটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৬ টাকা ৯৩ পয়সায়।

২০২২ হিসাব বছরে বিনিয়োগকারীদের মোট ৫ শতাংশ লভ্যাশ দিয়েছে ব্যাংকটি। এর মধ্যে আড়াই শতাংশ নগদ ও আড়াই শতাংশ স্টক লভ্যাংশ। আলোচ্য হিসাব বছরে স্ট্যান্ডার্ড ব্যাংকের ইপিএস হয়েছে ১ টাকা ৬ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৭৩ পয়সা (পুনর্মূল্যায়িত)। ৩১ ডিসেম্বর ২০২২ শেষে ব্যাংকটির সমন্বিত এনএভিপিএস দাঁড়ায় ১৬ টাকা ৬৭ পয়সায়।

স্ট্যান্ডার্ড ব্যাংকের সর্বশেষ সার্ভিল্যান্স এনটিটি রেটিং দীর্ঘমেয়াদে ‘‌এএ’ ও স্বল্পমেয়াদে ‘‌এসটি-২’। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের ওপর ভিত্তি করে এ প্রত্যয়ন করেছে ন্যাশনাল ক্রেডিট রেটিংস লিমিটেড (এনসিআর)।

২০০৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত স্ট্যান্ডার্ড ব্যাংকের অনুমোদিত মূলধন ১ হাজার ৫০০ কোটি ও পরিশোধিত মূলধন ১ হাজার ১১৫ কোটি ৮৪ লাখ ২০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ৭৩৯ কোটি ৪২ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ১১১ কোটি ৫৮ লাখ ৪২ হাজার ৩০৮। এর ৩৩ দশমিক শূন্য ৮ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২৯ দশমিক ৫৭ ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৩৭ দশমিক ৩৫ শতাংশ শেয়ার রয়েছে।

BBS cable ad

ব্যাংক এর আরও খবর: