ঢাকা বিভাগে ৮ মাসে এসেছে সর্বোচ্চ রেমিট্যান্স
চলতি ২০২৫-২৬ অর্থবছরের ৮ মাসে সবচেয়ে বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন ঢাকা বিভাগের প্রবাসীরা। আর সবচেয়ে কম রেমিট্যান্স এসেছে রংপুর বিভাগে।
বুধবার (৪ মার্চ) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
এতে বলা হয়, চলতি অর্থবছরের প্রথম ৮ মাসে দেশে রেমিট্যান্স এসেছে ২ হাজার ২৪৫ কোটি ৩৬ লাখ ডলার।
এর মধ্যে ঢাকায় রেমিট্যান্স এসেছে সর্বোচ্চ ১ হাজার ১৭৩ কোটি ১০ লাখ ডলার।
দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স ৬১৩ কোটি ১৩ লাখ ডলার এসেছে চট্টগ্রাম বিভাগে। এছাড়া সিলেট বিভাগে ১৮৪ কোটি ৫৪ লাখ ডলার, খুলনা বিভাগে ৮৯ কোটি ১৪ লাখ ডলার, রাজশাহী বিভাগে ৭১ কোটি ৫০ লাখ ডলার, বরিশাল বিভাগে ৫১ কোটি ১৫ লাখ ডলার, ময়মনসিংহ বিভাগে ৩৭ কোটি ৪৭ লাখ ডলার ও রংপুর বিভাগে ২৫ কোটি ৩২ লাখ ডলার রেমিট্যান্স এসেছে।
আর গত ফেব্রুয়ারি মাসে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৩০২ কোটি ৮ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স।
জানুয়ারি এসেছে ইতিহাসে কোনো এক মাসে তৃতীয় সর্বোচ্চ ও চলতি অর্থবছরের দ্বিতীয় সর্বোচ্চ ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স।
এদিকে, গত ২০২৪-২৫ অর্থবছর জুড়ে দেশে প্রবাসীরা পাঠিয়েছেন ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। যা দেশের ইতিহাসে কোনো নির্দিষ্ট অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।


