ডিজিটাল উদ্যোক্তাদের অর্থায়নে ব্র্যাক ব্যাংক-এসএসএল ওয়্যারলেসের চুক্তি
ব্যাংকটি বলছে, এ অংশীদারত্বের আওতায় এসএসএল ওয়্যারলেসের ইকোসিস্টেমের মার্চেন্ট, পার্টনার ও বিক্রেতারা ব্যাংকের প্রচলিত মূল্যায়ন এবং যোগ্যতার ভিত্তিতে ব্যাংকিং ও ঋণ সুবিধা পাবেন।
ই-কমার্স ও এফ-কমার্স খাতের মাইক্রো ও ক্ষুদ্র উদ্যোক্তাদের প্রাতিষ্ঠানিক ব্যাংকিং এবং অর্থায়নের আওতায় আনতে সফটওয়্যার শপ লিমিটেডের (এসএসএল ওয়্যারলেস) সঙ্গে একটি চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক পিএলসি। সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষরিত হয়। ডিজিটাল উদ্যোক্তাদের ব্যবসার প্রবৃদ্ধি ও প্রসারে প্রয়োজনীয় আর্থিক সেবা নিশ্চিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। ব্র্যাক ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।
ব্যাংকটি বলছে, এ অংশীদারত্বের আওতায় এসএসএল ওয়্যারলেসের ইকোসিস্টেমের মার্চেন্ট, পার্টনার ও বিক্রেতারা ব্যাংকের প্রচলিত মূল্যায়ন এবং যোগ্যতার ভিত্তিতে ব্যাংকিং ও ঋণ সুবিধা পাবেন। আর অর্থায়ন মূল্যায়নের প্রক্রিয়া সহজ করতে কাজ করবে এসএসএল ওয়্যারলেস। একই সঙ্গে ব্র্যাক ব্যাংকের বর্তমান এসএমই গ্রাহকরাও এসএসএল ওয়্যারলেসের প্লাটফর্মের সঙ্গে যুক্ত হয়ে ডিজিটাল কমার্স ইকোসিস্টেমের বিভিন্ন সুযোগ-সুবিধা নিতে পারবেন।
ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন বলেন, ‘ডিজিটাল কমার্স বর্তমানে সারা দেশের উদ্যোক্তাদের জন্য নতুন নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিচ্ছে। এসএসএল ওয়্যারলেসের সঙ্গে এ অংশীদারত্বের লক্ষ্য উদ্যোক্তারা যেখানে ব্যবসা পরিচালনা করছেন, ঠিক সেখানেই ব্যাংকিং সেবা পৌঁছে দেয়া।’ এর ফলে ডিজিটাল কমার্স থেকে প্রাতিষ্ঠানিক অর্থায়ন ও টেকসই প্রবৃদ্ধির দিকে এগিয়ে যাওয়ার একটি অন্তর্ভুক্তিমূলক পথ তৈরি হবে বলেও মন্তব্য করেন তিনি।
এসএসএল ওয়্যারলেসের জেনারেল ম্যানেজার অ্যান্ড হেড অব ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস ইনস্টিটিউশন মহিউদ্দিন তৌফিক বলেন, ‘ব্র্যাক ব্যাংকের সঙ্গে এ অংশীদারত্ব অফলাইন, ই-কমার্স ও এফ-কমার্স মার্চেন্টদের প্রাতিষ্ঠানিক অর্থায়নের সঙ্গে যুক্ত করতে সাহায্য করবে। এটি ক্ষুদ্র ব্যবসার প্রবৃদ্ধি এবং বৃহত্তর আর্থিক অন্তর্ভুক্তির ক্ষেত্রে অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে।’


