শিরোনাম

South east bank ad

আবাসন খাতের সংকোচনে চীনে ঋণ প্রবৃদ্ধিতে ধীরগতি

 প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   হাউজিং

আবাসন খাতের সংকোচনে চীনে ঋণ প্রবৃদ্ধিতে ধীরগতি

দেশটির আবাসন খাত সংকুচিত হওয়ায় ঋণের চাহিদা কমছে। নতুন শিল্পগুলোর ঋণ চাহিদা সে ঘাটতি পুরোপুরি পূরণ করতে পারছে না।

চীনে ঋণের প্রবৃদ্ধি ধীর হয়ে আসা এখন স্বাভাবিক পরিস্থিতির অংশ হয়ে উঠছে। দেশটির আবাসন খাত সংকুচিত হওয়ায় ঋণের চাহিদা কমছে। নতুন শিল্পগুলোর ঋণ চাহিদা সে ঘাটতি পুরোপুরি পূরণ করতে পারছে না। দেশটির কেন্দ্রীয় ব্যাংক পিপলস ব্যাংক অব চায়নার (পিবিওসি) গভর্নর প্যান গংশেং সম্প্রতি এসব তথ্য জানান। খবর রয়টার্স।

কমিউনিস্ট পার্টির সাময়িকী কিউশিতে প্রকাশিত এক প্রতিবেদনে গতকাল এসব কথা বলেন প্যান। তিনি উদ্ভুত পরিস্থিতির ইতিবাচক দিক তুলে ধরে বলেন, ‘ঋণ প্রবৃদ্ধির ধীরগতি উন্নত মানের অর্থনীতি তৈরির ইঙ্গিত দেয়।’

চীনে জুলাইয়ে নতুন ঋণগ্রহণ রেকর্ড পরিমাণ কমার পর আগস্টে তা কিছুটা ঘুরে দাঁড়ায়। তবে ঋণ নেয়ার পরিমাণ বিশ্লেষকদের পূর্বাভাসের চেয়ে কম ছিল। পরিবার ও ব্যবসা খাতে ঋণগ্রহণের চাহিদা দুর্বল থাকায় সামগ্রিক প্রবৃদ্ধিও চাপের মধ্যে রয়েছে।

প্যান বলেন, ‘চীনের অর্থনীতিতে কাঠামোগত পরিবর্তনের কারণে ঋণের প্রবৃদ্ধি কমছে। আবাসন খাত ও স্থানীয় সরকার অর্থায়নকারী প্রতিষ্ঠানগুলোয় ঋণ নেয়া কমছে। অন্যদিকে নতুন শিল্পগুলো এখনো এ ঘাটতি পুরোপুরি পূরণ করতে পারেনি। ফলে আগের গতিতে সামগ্রিক দেনা বাড়ানো কঠিন ও এর প্রয়োজনও নেই।’

বর্তমানে চীনের বিভিন্ন ব্যাংকে জমে থাকা মোট বকেয়া ঋণের পরিমাণ ২৮০ ট্রিলিয়ন ইউয়ানের বেশি। এর বড় একটি অংশ আবাসন ও স্থানীয় সরকার অর্থায়নকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যুক্ত। এসব খাত এখন সংকুচিত হচ্ছে।

এর বিপরীতে উচ্চ প্রযুক্তি উৎপাদন ও সবুজ প্রযুক্তির মতো খাত দ্রুত বাড়ছে। ২০২৬ সালের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) অর্থনৈতিক প্রবৃদ্ধিতে এসব খাতের অবদান ছিল ৪০ শতাংশের বেশি। তবে এসব ব্যবসা জমি ও কারখানার চেয়ে প্রযুক্তি, তথ্য ও মেধাস্বত্বের ওপর বেশি নির্ভরশীল। তাই ব্যাংক ঋণের ওপর নির্ভরতা তুলনামূলক কম।

BBS cable ad

হাউজিং এর আরও খবর: