নিরাপদ নৌ-ভ্রমণের দাবিতে আবিদের ১০০ কিমি সাইকেল রাইড
এমএস রিয়াদ, (বরগুনা) :
ঢাকা থেকে বরগুনাগামী অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডে নিহতদের স্মরণ, আহতদের সুস্থতা কামনা ও নিরাপদ নৌ ভ্রমণ নিশ্চিত করতে রোববার (০২ জানুয়ারি) বরগুনা সাইক্লিং কমিউনিটির সদস্য আবিদ হাসান ১০০ কি: মি: সাইকেল রাইড সম্পন্ন করেছে।
তিনি বরগুনা অগ্নিঝড়া-৭১ এর সামনে থেকে সাইকেল রাইড শুরু করে পটুয়াখালী পায়রা সেতু অতিক্রম করে পায়রাকুঞ্জ পৌঁছান। পুনরায় বরগুনা এসে ১০০ কি: মি: সাইকেল রাইড শেষ করেন।
এই রাইডটি সকাল ১১ টায় অনুষ্ঠানিকভাবে বরগুনা সাইক্লিং কমিউনিটির প্রতিষ্ঠাতা সদস্য ও সহ সভাপতি এহসান আহমাদ নোমান ও অন্যান্য সদস্যদের উপস্থিতিতে শুরু হয় এবং রাইডটি শেষ করতে আবিদ হাসানের মোট সময় লেগেছে ৫ ঘন্টা ১৪ মিনিট।
আবিদ হাসান সাইকেল রাইডের মাধ্যমে ৩ দফা দাবি তুলে ধরেন। দাবিগুলোর মধ্যে- যানবাহনে দক্ষ ও প্রশিক্ষিত কর্মী নিশ্চিত করতে হবে, যাত্রাপথে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে হবে ও অতিরিক্ত যাত্রী ও মালামাল বহন করা যাবে না।
এ প্রসঙ্গে আবিদ হাসান বলেন, অভিযান ১০ লঞ্চ দুর্ঘটনায় বরগুনার অপূরণীয় ক্ষতি হয়েছে। তিনি নিহত ও আহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে দাবিগুলো বাস্তবায়নের প্রত্যাশা ব্যক্ত করেন।


