বড় মূলধনি কোম্পানির শেয়ারদরে মিশ্র প্রবণতা
গতকাল দেশের পুঁজিবাজারে সূচক ও লেনদেনে নিম্নমুখিতা দেখা গেছে। তবে এর মধ্যেও বড় মূলধনি কোম্পানিগুলোর শেয়ারদরে ছিল মিশ্র প্রবণতা।
শীর্ষ বাজার মূলধনি কোম্পানিগুলোর মধ্যে ছয়টি কোম্পানির শেয়ারদর বেড়েছে। বিপরীতে দর কমেছে ছয়টির এবং অপরিবর্তিত ছিল তিনটির শেয়ারদর।
বাজার মূলধনের ভিত্তিতে শীর্ষ ১০ কোম্পানি ও ফ্রি ফ্লোট বাজার মূলধনের ভিত্তিতে শীর্ষ ১০ কোম্পানির মধ্যে পাঁচটি কোম্পানি দুই তালিকাতেই রয়েছে। এ পাঁচ কোম্পানির মধ্যে রয়েছে গ্রামীণফোন, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, ব্র্যাক ব্যাংক, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ ও ব্রিটিশ আমেরিকান টোব্যাকো। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এ দুই তালিকায় থাকা শীর্ষ ১৫টি কোম্পানির মধ্যে শেয়ারদর বেড়েছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস, ব্র্যাক ব্যাংক, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ, ম্যারিকো বাংলাদেশ, বার্জার পেইন্টস বাংলাদেশ ও সিটি ব্যাংকের। অন্যদিকে শেয়ারদর কমেছে গ্রামীণফোন, রবি, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, ইসলামী ব্যাংক, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস ও ইউনাইটেড পাওয়ারের। এছাড়া দর অপরিবর্তিত থাকা তিনটি কোম্পানি হলো লাফার্জহোলসিম, পূবালী ব্যাংক ও ইস্টার্ন ব্যাংক।
বাজার পর্যালোচনায় দেখা যায়, গতকাল ডিএসইএক্স সূচক আগের দিনের চেয়ে ১০ পয়েন্ট কমে ৫ হাজার ৮৮৬ পয়েন্টে দাঁড়ায়। এদিন নির্বাচিত কোম্পানির সূচক (ডিএস-৩০) ৯ পয়েন্ট কমে ২ হাজার ২০৪ পয়েন্ট ও শরিয়াহ সূচক (ডিএসইএস) ৬ পয়েন্ট কমে ১ হাজার ১৮৬ পয়েন্টে দাঁড়িয়েছে।
গতকাল সূচকের পতনে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, আর-আরাফাহ্ ইসলামী ব্যাংক ও ইউসিবির শেয়ার।
ডিএসইতে গতকাল ১ হাজার ২১১ কোটি টাকার সিকিউরিটিজ হাতবদল হয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ১ হাজার ২৫৮ কোটি টাকা। এদিন এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ৩৯৩টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের মধ্যে দর বেড়েছে ১৬৫টির, কমেছে ১৬৯টির ও দর অপরিবর্তিত ছিল ৫৯টির।
খাতভিত্তিক লেনদেনচিত্রে দেখা যায়, গতকাল ডিএসইর মোট লেনদেনের ২৬ দশমিক ২ শতাংশ দখলে নিয়ে শীর্ষে অবস্থান করছে বস্ত্র খাত। ১১ দশমিক ৮ শতাংশ দখলে নিয়ে তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে ওষুধ ও রসায়ন খাত। প্রকৌশল খাত ১০ দশমিক ৬ শতাংশ লেনদেনের ভিত্তিতে তালিকার তৃতীয় অবস্থানে ছিল। ৮ দশমিক ৪ শতাংশ লেনদেনের ভিত্তিতে তালিকার চতুর্থ স্থানে ছিল সাধারণ বীমা খাত। আর পঞ্চম অবস্থানে থাকা মিউচুয়াল ফান্ড খাতের দখলে ছিল লেনদেনের ৭ দশমিক ৬ শতাংশ।
গতকাল পুঁজিবাজারে মিউচুয়াল ফান্ড খাতে ২ দশমিক ১ শতাংশ, পাট খাতে ১ দশমিক ৪ ও তথ্যপ্রযুক্তি খাতে দশমিক ৯ শতাংশ ইতিবাচক রিটার্ন এসেছে। অন্যদিকে প্রকৌশল খাতে দশমিক ১ শতাংশ, সিমেন্ট, কাগজ ও আর্থিক প্রতিষ্ঠান খাতে দশমিক ২ ও টেলিকম খাতে দশমিক ৪ শতাংশ নেতিবাচক রিটার্ন এসেছে।


