শিরোনাম

South east bank ad

পুঁজিবাজারে বছরের সর্বোচ্চ লেনদেন

 প্রকাশ: ০৪ জুন ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   শেয়ার বাজার

পুঁজিবাজারে বছরের সর্বোচ্চ লেনদেন

ঈদুল আজহার ছুটির আগে থেকেই দেশের পুঁজিবাজারে ধারাবাহিক ঊর্ধ্বমুখিতা দেখা যাচ্ছে, যা ছুটির পরও অব্যাহত রয়েছে।

গতকাল প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স দশমিক ৭ শতাংশ বেড়েছে। পাশাপাশি এক্সচেঞ্জটির দৈনিক লেনদেন ১৭ শতাংশ বেড়ে ১ হাজার ২৭৯ কোটি টাকায় দাঁড়িয়েছে, যা এ বছরের সর্বোচ্চ লেনদেন। দেশের আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) গতকাল সূচকের পাশাপাশি লেনদেন বেড়েছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, গতকাল লেনদেনের শুরুর পর থেকেই ঊর্ধ্বমুখী অবস্থানে ছিল পুঁজিবাজার। মাঝে কিছুটা দরপতন দেখা গেলেও তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। দিন শেষে ডিএসইএক্স সূচক ৩৫ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪৪২ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ৫ হাজার ৪০৬ পয়েন্ট। নির্বাচিত কোম্পানির সূচক ডিএস-৩০ দিনের ব্যবধানে ৭ পয়েন্ট বেড়ে ২ হাজার ৫৭ পয়েন্ট দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ২ হাজার ৫০ পয়েন্টে। শরিয়াহ সূচক ডিএসইএস এদিন প্রায় ১০ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৯ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ১ হাজার ৮৯ পয়েন্ট। গতকাল সূচকের উত্থানে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে লাফার্জহোলসিম বাংলাদেশ, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, বিএসআরএম লিমিটেড, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ ও ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানির (বিএটিবিসি) শেয়ার।

ডিএসইতে গতকাল ১ হাজার ২৭৯ কোটি টাকার সিকিউরিটিজ হাতবদল হয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ১ হাজার ৮০ কোটি টাকা। গতকাল এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ৩৯০টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের মধ্যে দর বেড়েছে ২৪৩টির, কমেছে ৯৮টির ও দর অপরিবর্তিত ছিল ৪৯টির।

বাজার বিশ্লেষকেরা বলছেন, পুঁজিবাজারের প্রধান সূচক টানা অষ্টম কার্যদিবসের মতো ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত রেখে তিন মাসের সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছে। পুঁজিবাজার উন্নয়নে ইতিবাচক পদক্ষেপ ও অনুকূল প্রতিশ্রুতির প্রত্যাশায় বিনিয়োগকারীদের আশাবাদ জোরদার থাকায় তুলনামূলকভাবে আকর্ষণীয় মূল্যমানের শেয়ারগুলোতে ক্রয়চাপ দেখা গেছে। শেয়ার বিক্রির মাধ্যমে সামান্য মুনাফা তুলে নেয়ার প্রবণতা থাকলেও লেনদেনের পুরো সময়জুড়ে বাজারের গতি ইতিবাচক ছিল। স্বল্পমেয়াদে বাজার পরিস্থিতি অনুকূলে থাকবে—এমন প্রত্যাশায় বিস্তৃত পরিসরে ক্রয় আগ্রহ অব্যাহত থাকায় ঊর্ধ্বমুখী প্রবণতা আরো শক্তিশালী হয়।

খাতভিত্তিক লেনদেনচিত্রে দেখা যায়, গতকাল ডিএসইর মোট লেনদেনের ১৭ দশমিক ১ শতাংশ দখলে নিয়ে শীর্ষে অবস্থান করছে প্রকৌশল খাত। ১৩ দশমিক ৪ শতাংশ দখলে নিয়ে তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে বস্ত্র খাত। ওষুধ ও রসায়ন খাত ১২ দশমিক ৭ শতাংশ লেনদেনের ভিত্তিতে তালিকার তৃতীয় অবস্থানে ছিল। ৮ দশমিক ৭ শতাংশ লেনদেনের ভিত্তিতে তালিকার চতুর্থ স্থানে ছিল সাধারণ বীমা খাত। আর পঞ্চম অবস্থানে থাকা খাদ্য ও আনুষঙ্গিক খাতের দখলে ছিল লেনদেনের ৭ দশমিক ৫ শতাংশ।

গতকাল ডিএসইতে ব্যাংক বাদে বাকি সব খাতের শেয়ারেই ইতিবাচক রিটার্ন এসেছে। এর মধ্যে সবচেয়ে বেশি ৩ দশমিক ৭ শতাংশ ইতিবাচক রিটার্ন এসেছে সেবা ও আবাসন খাতে। এছাড়া কাগজ ও মুদ্রণ খাতে ৩ দশমিক ২ এবং আর্থিক প্রতিষ্ঠান খাতে ২ দশমিক ৯ শতাংশ ইতিবাচক রিটার্ন ছিল। অন্যদিকে গতকাল ব্যাংক খাতের শেয়ারে দশমিক ৫ শতাংশ নেতিবাচক রিটার্ন এসেছে।

সিএসইর নির্বাচিত সূচক সিএসসিএক্স গতকাল ৫৬ পয়েন্ট বেড়ে ৯ হাজার ৩৩৩ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইর সব শেয়ারের সূচক সিএএসপিআই এদিন ১০৫ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ১৮৬ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২৩৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪৮টির, কমেছে ৬৪টির ও দর অপরিবর্তিত ছিল ২৫টির। গতকাল সিএসইতে ৩১ কোটি টাকার সিকিউরিটিজ হাতবদল হয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ২৭ কোটি টাকা।

BBS cable ad

শেয়ার বাজার এর আরও খবর: