শিরোনাম

South east bank ad

হাইব্রিড গাড়ির শুল্ক হ্রাস ও আমদানির বয়সসীমা বৃদ্ধির দাবি

 প্রকাশ: ০৩ মে ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   আমদানী/রপ্তানী

হাইব্রিড গাড়ির শুল্ক হ্রাস ও আমদানির বয়সসীমা বৃদ্ধির দাবি

জ্বালানি ও বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের লক্ষ্যে আগামী বাজেটে হাইব্রিড ও প্লাগ-ইন হাইব্রিড গাড়ি আমদানির শুল্ক-কর যৌক্তিকীকরণের দাবি জানিয়েছে বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিকলস ইম্পোর্টার্স অ্যান্ড ডিলারস অ্যাসোসিয়েশন (বারভিডা)।

একই সঙ্গে গণপরিবহন হিসেবে ব্যবহৃত মাইক্রোবাসের সম্পূরক শুল্ক প্রত্যাহার, পিকআপে শুল্ক কমানো, নতুন ও রিকন্ডিশন্ড গাড়ির শুল্কায়ন বৈষম্য দূর করা এবং আমদানিযোগ্য গাড়ির বয়সসীমা পাঁচ থেকে বাড়িয়ে আট বছরে উন্নীত করার প্রস্তাব দিয়েছে সংগঠনটি। ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট সামনে রেখে গতকাল রাজধানীর বিজয়নগরে এক সংবাদ সম্মেলনে বারভিডার পক্ষ থেকে এসব দাবি তুলে ধরা হয়।

সংগঠনটি বলছে, রিকন্ডিশন্ড মোটরযান আমদানি ও বিপণন খাতে প্রায় ২০ হাজার কোটি টাকার স্থানীয় বিনিয়োগ রয়েছে। সদস্য প্রতিষ্ঠানগুলো বছরে প্রায় ৬ হাজার কোটি টাকা রাজস্ব দেয়। ব্যাকওয়ার্ড লিংকেজসহ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কয়েক লাখ মানুষের কর্মসংস্থানও হয়েছে এ খাতকে ঘিরে।

সংবাদ সম্মেলনে বারভিডা সভাপতি আবদুল হক বলেন, বিশ্ব অর্থনৈতিক পরিস্থিতি, মুদ্রার বিনিময় হার বৃদ্ধি এবং উৎপাদনকারী দেশে গাড়ির দাম বেড়ে যাওয়ায় দেশে রিকন্ডিশন্ড গাড়ি আমদানি ও বিক্রি আশঙ্কাজনকভাবে কমেছে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) তথ্যানুযায়ী, ২০১৫ সালে রিকন্ডিশন্ড গাড়ি রেজিস্ট্রেশন যেখানে প্রায় ২১ হাজার ছিল, ২০২৫ সালে তা কমে সাড়ে নয় হাজারের নিচে নেমে এসেছে। ফলে এ খাতের সঙ্গে জড়িত প্রায় তিন লাখ মানুষের জীবিকা বর্তমানে হুমকির মুখে।

আসন্ন বাজেটে খাতটিকে টিকিয়ে রাখতে বারভিডার বিভিন্ন দাবি তুলে ধরে তিনি বলেন, ‘আমাদের অন্যতম দাবি পরিবেশবান্ধব এবং জ্বালানি সাশ্রয়ী হাইব্রিড ও প্লাগ-ইন হাইব্রিড গাড়ির শুল্ক-কর কমানো, যাতে ক্রেতারা সহনীয় মূল্যে গাড়ি কিনতে পারেন।’

গাড়ি আমদানির সর্বোচ্চ বয়সসীমা পাঁচ থেকে বাড়িয়ে আট বছর করার দাবি জানিয়ে সংবাদ সম্মেলনে বলা হয়, এতে জাপানে গাড়ির দাম বৃদ্ধিজনিত সংকট মোকাবেলা এবং বৈদেশিক মুদ্রা সাশ্রয় সম্ভব হবে। গণপরিবহন এবং শিল্প ও শিক্ষাপ্রতিষ্ঠানে ব্যবহৃত মাইক্রোবাসের সম্পূরক শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার এবং বাণিজ্যিক পিকআপের শুল্ক সর্বনিম্ন স্তরে নির্ধারণের দাবিও জানিয়েছে সংগঠনটি।

দেশে গাড়ি উৎপাদন শিল্প স্থাপনের বিষয়ে সংবাদ সম্মেলনে বারভিডা জানায়, বর্তমানে বাংলাদেশে বার্ষিক গাড়ির বাজারের আকার মাত্র ২৫-৩০ হাজার ইউনিট। একটি শক্তিশালী মধ্যবিত্ত শ্রেণী তৈরির মাধ্যমে অভ্যন্তরীণ চাহিদা এক লাখ ইউনিটে পৌঁছলে তবেই পূর্ণাঙ্গ গাড়ি উৎপাদন শিল্প প্রতিষ্ঠা যুক্তিযুক্ত হবে। তবে সিকেডি বা সম্পূর্ণ বিযুক্ত অবস্থায় যন্ত্রাংশ আমদানির মাধ্যমে নামমাত্র ‘স্ক্রু-ড্রাইভিং’ শিল্প প্রতিষ্ঠার বিষয়ে সতর্কতা অবলম্বনের পরামর্শ দেয় সংগঠনটি।

সংবাদ সম্মেলনে বারভিডার মহাসচিব রিয়াজ রহমান, সহসভাপতি সাইফুল ইসলাম ও ফরিদ আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ জগলুল হোসেন, ট্রেজারার মো. সাইফুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

BBS cable ad

আমদানী/রপ্তানী এর আরও খবর: