বাংলাদেশ কমার্স ব্যাংকের প্রবেশনারি অফিসারদের ফাউন্ডেশন প্রশিক্ষণ
বাংলাদেশ কমার্স ব্যাংকের (বিসিবি) প্রশিক্ষণ ইনস্টিটিউটে প্রবেশনারি অফিসার-২০২৬-এর ফাউন্ডেশন ট্রেনিং কোর্স শুরু হয়েছে।
৯ আগস্ট এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। প্রশিক্ষণটি আগামী ৩ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কমার্স ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক মো. ওবায়দুল হক।
অনুষ্ঠানে ব্যাংকের চেয়ারম্যান মো. আতাউর রহমান বলেন, ‘নিরন্তর শিক্ষা ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে পেশাগত উৎকর্ষ অর্জনে ব্যাংকের ধারাবাহিক অঙ্গীকারের অংশ হিসেবে এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। ব্যাংকিং পেশায় নতুন কর্মকর্তাদের প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা অর্জনে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক মো. ওবায়দুল হক বলেন, ‘এ মৌলিক প্রশিক্ষণের মাধ্যমে প্রবেশনারি অফিসাররা তাদের ব্যাংকিং ক্যারিয়ার শুরু করছেন। প্রশিক্ষণের মাধ্যমে ব্যাংকিং কার্যক্রম সম্পর্কে প্রয়োজনীয় ধারণা ও পেশাগত দক্ষতা অর্জনের সুযোগ পাবেন তারা।’


