বিজমায়েস্ত্রোজ এক্স ইউএফএলপির গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত
দেশের শীর্ষস্থানীয় এফএমসিজি কোম্পানি ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের (ইউবিএল) ফ্ল্যাগশিপ বিজনেস প্রতিযোগিতা ‘বিজমায়েস্ত্রোজ এক্স ইউনিলিভার ফিউচার লিডার্স প্রোগ্রাম (ইউএফএলপি) ২০২৬’-এর ১৬তম আসরের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়েছে।
একই সঙ্গে অনুষ্ঠানে ভবিষ্যতের করপোরেট নেতৃত্ব গড়ে তোলা এবং মেধাবী তরুণদের জন্য ইউনিলিভারে ক্যারিয়ার গড়ার সুযোগ তৈরির লক্ষ্য নিয়ে নতুন সমন্বিত ট্যালেন্ট প্লাটফর্মের কার্যক্রমও তুলে ধরা হয়েছে।
ঢাকায় অনুষ্ঠিত প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে বাস্তব ব্যবসায়িক সমস্যার উদ্ভাবনী সমাধান উপস্থাপন করে শীর্ষ ছয়টি দল। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ পর্ব শেষে মির রামিসা রাইয়ান রোজ, ফাইয়াজ আমিন রাহিন ও রুশমিলা হাবিবের সমন্বয়ে গঠিত ‘সোপ-আর-স্টারস’ দল চ্যাম্পিয়ন হয়। রাহিন ও রুশমিলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) শিক্ষার্থী এবং রোজ ইউনিভার্সিটি অব উইসকনসিন ম্যাডিসনের শিক্ষার্থী।
প্রথম রানার্সআপ হয়েছে সামিহা তাহসিন মেধা, ইভান আশফাক ও নুসাইবা নাঈমের দল ‘লকড আউট’। দ্বিতীয় রানার্সআপ হয়েছে ফাতিমা আহমেদ, মুজাহিদুল ইসলাম তাজদিদ ও আদিবা মুস্তফা তানিশার দল ‘ব্রেকিং গুড’।
ফাইনালে অংশগ্রহণকারীদের উপস্থাপিত ব্যবসায়িক সমাধান মূল্যায়ন করেন ইউনিলিভার বাংলাদেশের পারসোনাল কেয়ার হেড নাবিলা জাবীন খান, হোম কেয়ার হেড মো. নুরুল মনোয়ার, কাস্টমার বিজনেস ডেভেলপমেন্ট (সিবিডি) হেড মো. শাদমান সাদিকিন এবং বাটা সু বাংলাদেশ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ফারিয়া ইয়াসমিন। বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি, শিক্ষক ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ইউনিলিভার বাংলাদেশের ম্যানেজমেন্ট কমিটির সদস্যরা।
অনুষ্ঠানে ইউনিলিভার বাংলাদেশের হিউম্যান রিসোর্স ডিরেক্টর সৈয়দা দুরদানা কবির বলেন, ভবিষ্যৎ তাদেরই যারা প্রচলিত ধারণাকে প্রশ্ন করতে, নতুন চিন্তাকে বাস্তব ফলাফলে রূপ দিতে এবং পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে সক্ষম। ‘বিজমায়েস্ত্রোজ এক্স ইউএফএলপি ২০২৬’-এর মাধ্যমে এমন একটি প্রজন্মকে এগিয়ে যাওয়ার সুযোগ দেয়া হচ্ছে, যারা আরো ডিজিটাল, তথ্যনির্ভর ও ভবিষ্যতের উপযোগী বাংলাদেশ গঠনে ভূমিকা রাখতে পারবে।’
‘ডিসরাপ্ট টু উইন’ প্রতিপাদ্যে আয়োজিত এবারের প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের উদীয়মান বাজারপ্রবণতা বিশ্লেষণ, প্রচলিত ব্যবসায়িক চিন্তাকে চ্যালেঞ্জ করা এবং পরিবর্তনশীল বাজার বাস্তবতার জন্য উদ্ভাবনী সমাধান তৈরিতে উৎসাহিত করা হয়।


