বার্জার পেইন্টসের নতুন এমডি মহসিন হাবিব চৌধুরী
পুঁজিবাজারে তালিকাভুক্ত বহুজাতিক রঙ উৎপাদক প্রতিষ্ঠান বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন মহসিন হাবিব চৌধুরী।
তিনি বর্তমানে কোম্পানিটির পরিচালক ও প্রধান পরিচালন কর্মকর্তার (সিওও) দায়িত্বে রয়েছেন। কোম্পানিটির পর্ষদ তাকে নতুন এমডি হিসেবে নিয়োগ দিয়েছে, যা আগামী ১ আগস্ট থেকে কার্যকর হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ) থেকে মার্কেটিংয়ে এমবিএ করা মহসিন হাবিবের ২৯ বছরেরও বেশি পেশাগত অভিজ্ঞতা রয়েছে। তিনি বার্জার পেইন্টস বাংলাদেশের চিফ সেলস অ্যান্ড মার্কেটিং অফিসার, সিনিয়র জেনারেল ম্যানেজার-সেলস অ্যান্ড মার্কেটিং ও জেনারেল ম্যানেজার-সেলস অ্যান্ড মার্কেটিংসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। বার্জার পেইন্টসের বর্তমান এমডি রূপালী হক চৌধুরীর সঙ্গে কোম্পানির চুক্তির মেয়াদ শেষে মহসিন হাবিব চৌধুরী ১ আগস্ট থেকে নতুন দায়িত্ব গ্রহণ করবেন।
আর্থিক প্রতিবেদন অনুসারে, সর্বশেষ ৩১ মার্চ সমাপ্ত ২০২৫-২৬ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (এপ্রিল-ডিসেম্বর) বার্জার পেইন্টসের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৫৫ টাকা ৪৩ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৫২ টাকা ২০ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৮০ টাকা ৮৬ পয়সায়।
সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের ৫২৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে বার্জার পেইন্টসের পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৭২ টাকা ৬৬ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৬৯ টাকা ৯২ পয়সা। ৩১ মার্চ ২০২৫ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৩৩৩ টাকা ৪২ পয়সায়।
সমাপ্ত ২০২৩-২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের ৫০০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে বার্জার পেইন্টসের ইপিএস হয়েছে ৬৯ টাকা ৯২ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৬৪ টাকা ৯১ পয়সা। ৩১ মার্চ ২০২৪ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৩০৯ টাকা ৫৩ পয়সায়।
বার্জার পেইন্টসের সর্বশেষ ঋণমাণ দীর্ঘমেয়াদে ‘এএএ’ ও স্বল্পমেয়াদে ‘এসটি ওয়ান’। ৩১ মার্চ সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ৩০ জুন ২০২৫ র্পন্ত অনিরীক্ষিত প্রতিবেদন এবং রেটিং ঘোষণার দিন পর্যন্ত প্রাসঙ্গিক অন্যান্য পরিমাণগত ও গুণগত তথ্যের ভিত্তিতে এ প্রত্যয়ন করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস পিএলসি (সিআরআইএসএল)।
২০০৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত বার্জার পেইন্টসের অনুমোদিত মূলধন ১০০ কোটি ও পরিশোধিত মূলধন ৪৯ কোটি ১০ লাখ ৬০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ১ হাজার ৫০৪ কোটি ৯১ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ৪ কোটি ৯১ লাখ ৫ হাজার ৯৯১। এর ৮৯ দশমিক ৭৬ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৮ দশমিক ২৬, বিদেশী বিনিয়োগকারী দশমিক শূন্য ১ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ১ দশমিক ৯৭ শতাংশ শেয়ার রয়েছে।


