সিআইইউতে ১৪৫ শিক্ষার্থী পেল একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড
চিটাগং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ) তার চারটি অনুষদের ১৪৫ শিক্ষার্থীকে পাঁচটি ক্যাটাগরিতে ‘একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ দিয়েছে।
এ উপলক্ষে গতকাল বিশ্ববিদ্যালয় মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় শিক্ষার্থীদের হাতে সম্মাননা সনদ তুলে দেন ইউনেস্কোর বাংলাদেশ প্রধান ড. সুসান ভাইজ। এর আগে তিনি সিআইইউর ফ্যাকাল্টিদের সঙ্গে একটি বিশেষ লেকচার সেশনে অংশগ্রহণ করেন এবং শিক্ষা ও গবেষণা খাতে সম্ভাব্য সহযোগিতা নিয়ে মতবিনিময় করেন।
বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল বলা হয়, ‘একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড’-এর ডিন’স লিস্টে ৮৩, ডিন’স মেরিট লিস্টে ২৩, ডিন’স অনার লিস্টে ২০, ভাইস চ্যান্সেলর’স লিস্টে ১২ এবং ভাইস চ্যান্সেলর’স অনার লিস্টে সাত শিক্ষার্থী স্থান পেয়েছেন।
সিআইইউর সহকারী রেজিস্ট্রার রুমা দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ডের আহ্বায়ক ড. রুবেল সেনগুপ্ত। প্রধান অতিথির পরিচিতি তুলে ধরেন বিজনেস স্কুলের ডিন ড. সৈয়দ মনজুর কাদের। সমাপনী বক্তব্য দেন অনুষ্ঠানের সভাপতি ও সিআইইউর উপাচার্য অধ্যাপক ড. এমএম নুরুল আবসার। এছাড়া পুরস্কারপ্রাপ্তদের মধ্য থেকে চার শিক্ষার্থী মঞ্চে এসে নিজেদের অভিমত তুলে ধরেন।


