সিটি ব্যাংক ও টয়োটার মধ্যে এমওইউ স্বাক্ষর
সিটি ব্যাংক পিএলসি ও টয়োটা বাংলাদেশ লিমিটেডের মধ্যে কৌশলগত অংশীদারত্বের লক্ষ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে।
এ উপলক্ষে গতকাল ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় টয়োটা বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক প্রেমিত সিং এবং সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাসরুর আরেফিন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সিটি ব্যাংক গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
এ অংশীদারত্বের আওতায় টয়োটা বাংলাদেশকে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার জন্য ঋণ সুবিধা দেবে সিটি ব্যাংক। সহযোগিতার অন্যান্য ক্ষেত্রের মধ্যে রয়েছে করপোরেট কার্ড, কালেকশন ও ক্যাশ ম্যানেজমেন্ট সেবা, বৈদেশিক বাণিজ্য সেবা এবং পে-রোলসহ এমপ্লয়ি ব্যাংকিং।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সিটি ব্যাংকের পক্ষে মাসরুর আরেফিন বলেন, ‘টয়োটার পক্ষ থেকে বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ সিটি ব্যাংকের মাধ্যমে সম্পন্ন করার সিদ্ধান্ত হয়েছে, যা উভয় প্রতিষ্ঠানের কার্যকর সহযোগিতার মাধ্যমে সম্পন্ন হবে। একটি বিদেশী মালিকানাধীন প্রতিষ্ঠানের জন্য এ সেবা নিশ্চিত করা সিটি ব্যাংকের সক্ষমতার প্রতিফলন।’
অনুষ্ঠানে টয়োটা বাংলাদেশের পক্ষে প্রেমিত সিং সিটি ব্যাংকের কর্মীদের জন্য টয়োটার গাড়িতে বিশেষ ছাড়ের ঘোষণা দেন।


