ইসলামী ব্যাংকের বার্ষিক ঝুঁকি সম্মেলন অনুষ্ঠিত
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির বার্ষিক ঝুঁকি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রাজধানীর ইসলামী ব্যাংক টাওয়ারে গতকাল এ সম্মেলনের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. ওমর ফারুক খাঁন। গেস্ট অব অনার ছিলেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক মো. আলাউদ্দিন হোসেন। ইসলামী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) ও চিফ রিস্ক অফিসার প্রকৌশলী মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদারের সভাপতিত্বে বিভিন্ন সেশনে বক্তব্য দেন এএমডি মো. আলতাফ হুসাইন, ড. এম কামাল উদ্দীন জসিম ও রিস্ক ম্যানেজমেন্ট উইং প্রধান কেএস ওমর ফারুক। স্বাগত বক্তব্য দেন ইসলামী ব্যাংক ট্রেনিং অ্যান্ড রিসার্চ একাডেমির (আইবিটিআরএ) মহাপরিচালক এএসএম রেজাউল করিম। ইসলামী ব্যাংক গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মো. ওমর ফারুক খাঁন বলেন, ‘ইসলামী ব্যাংক দেশের বৃহৎ শরিয়াহভিত্তিক ব্যাংক। গ্রাহকদের আস্থা ও বিশ্বাসই আমাদের বড় শক্তি। এ আস্থা ধরে রাখতে হলে প্রতিটি পর্যায়ে সুশাসন, স্বচ্ছতা ও ঝুঁকি ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে।’
তিনি আরো বলেন, ‘একটি শক্তিশালী ব্যাংক গড়ে তোলার জন্য শুধু ব্যবসা বৃদ্ধি করাই যথেষ্ট নয়, সেই সঙ্গে প্রয়োজন সুদৃঢ় ও কার্যকর ঝুঁকি ব্যবস্থাপনা কাঠামো। সঠিকভাবে ঝুঁকি শনাক্ত, মূল্যায়ন ও নিয়ন্ত্রণ করতে পারলেই টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করা সম্ভব। একটি কার্যকর রিস্ক ম্যানেজমেন্ট ফ্রেমওয়ার্কের মূল উদ্দেশ্য হলো সম্ভাব্য ঝুঁকি আগেভাগে শনাক্ত করা এবং এ সম্পর্কে ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে সতর্ক থাকা।’ মো. ওমর ফারুক খাঁন এ সময় সবাইকে ঝুঁকি ব্যবস্থাপনার প্রতি আরো দায়িত্বশীল, সতর্ক ও যত্নবান হওয়ার আহ্বান জানান। পাশাপাশি সময়মতো ঝুঁকি চিহ্নিত করা এবং যথাযথ ব্যবস্থাপনা গ্রহণ করতে পারলে অনেক সমস্যা সহজে প্রতিকার হবে বলেও মন্তব্য করেন।
সম্মেলনে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহী ও ঢাকার বিভিন্ন জোন ও শাখাপ্রধানরা উপস্থিত ছিলেন। এছাড়া সারা দেশের সব জোন ও শাখাপ্রধানরা ভার্চুয়াল প্লাটফর্মে যুক্ত ছিলেন।


