শিরোনাম

South east bank ad

আর্থিক খাতে সাইবার ঝুঁকি মোকাবেলায় নতুন নীতিমালা জারি

 প্রকাশ: ৩১ মার্চ ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   বাংলাদেশ ব্যাংক

আর্থিক খাতে সাইবার ঝুঁকি মোকাবেলায় নতুন নীতিমালা জারি

দেশের আর্থিক খাতে ক্রমবর্ধমান সাইবার ঝুঁকি মোকাবেলায় একটি পূর্ণাঙ্গ সাইবার সিকিউরিটি নীতিমালা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

‘সাইবার সিকিউরিটি ফ্রেমওয়ার্ক, ভার্সন ১.০ (২০২৬)’ শীর্ষক নতুন নির্দেশিকাটি ৩১ ডিসেম্বরের মধ্যে সব তফসিলি ব্যাংক, ফাইন্যান্স কোম্পানি, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রদানকারী এবং পেমেন্ট সিস্টেম অপারেটরদের পূর্ণাঙ্গরূপে বাস্তবায়ন করতে হবে। কেন্দ্রীয় ব্যাংক রোববার এক সার্কুলারে এ তথ্য জানিয়েছে।

বাংলাদেশ ব্যাংক বলছে, নতুন এ ফ্রেমওয়ার্কে সাইবার সিকিউরিটি গভর্ন্যান্স, ঝুঁকি ব্যবস্থাপনা, তথ্য ও উপাত্ত সুরক্ষা, নেটওয়ার্ক ও অবকাঠামো নিরাপত্তা, অ্যাকসেস কন্ট্রোল, সাইবার হুমকি পর্যবেক্ষণ ও ইনসিডেন্ট ব্যবস্থাপনা, থার্ড পার্টি ও আউটসোর্সিং ঝুঁকি ব্যবস্থাপনা এবং অডিট ও কমপ্লায়েন্সসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে।

এছাড়া আর্থিক প্রতিষ্ঠানগুলোকে নিরাপত্তাসংক্রান্ত কার্যক্রমের নথিপত্র সংরক্ষণ, সুরক্ষিত সিস্টেম ডিজাইন বজায় রাখা এবং নিয়মিত পর্যবেক্ষণ ব্যবস্থা চালু রাখার নির্দেশ দেয়া হয়েছে। পাশাপাশি বাধ্যতামূলক করা হয়েছে কর্মীদের দায়িত্ব অনুযায়ী সাধারণ ও বিশেষায়িত সাইবার নিরাপত্তা প্রশিক্ষণও।

কেন্দ্রীয় ব্যাংক বলেছে, সাইবার নিরাপত্তা এবং তথ্যের গোপনীয়তা নিশ্চিত করতে একটি সমন্বিত ও ধারাবাহিক পদ্ধতি অনুসরণ করা জরুরি। এজন্য থার্ড পার্টি সেবাদাতাদের ক্ষেত্রে কঠোর নিরাপত্তা শর্তারোপ, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং সিস্টেম উন্নয়নের শুরু থেকেই নিরাপত্তা ব্যবস্থা সংযুক্ত করার ওপর জোর দেয়া হয়েছে।

এ ফ্রেমওয়ার্ক মূলত ছয়টি কার্যকর স্তম্ভের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে—আইডেন্টিফাই (শনাক্তকরণ), প্রটেক্ট (সুরক্ষা), ডিটেক্ট (শনাক্তকরণ), রেসপন্ড (প্রতিক্রিয়া), রিকভার (পুনরুদ্ধার) এবং রিপোর্টিং (প্রতিবেদন)। এর মাধ্যমে আর্থিক খাতে সাইবার ঝুঁকি দ্রুত শনাক্ত ও মোকাবেলা করা এবং একটি অভিন্ন নিরাপত্তা মানদণ্ড প্রতিষ্ঠার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

BBS cable ad

বাংলাদেশ ব্যাংক এর আরও খবর: