ফেব্রুয়ারির ১৮ দিনে ২ বিলিয়ন ডলার ছাড়াল রেমিট্যান্স
রতি ডলার ১২২ টাকা ধরে দেশীয় মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় প্রায় ২৬ হাজার কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান গতকাল গণমাধ্যমকে এ তথ্য জানান।
মূলত জাতীয় সংসদ নির্বাচন ও রমজানকে কেন্দ্র করে বৈধ পথে দেশে অর্থ পাঠানোর পরিমাণ বাড়িয়েছেন প্রবাসীরা।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্যানুযায়ী, চলতি বছরের প্রথম মাস জানুয়ারিতে প্রবাসীরা ৩১৭ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, দেশীয় মুদ্রায় যার পরিমাণ ৩৮ হাজার ৬৭৪ কোটি টাকা। একক মাস হিসেবে এটি দেশের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ রেকর্ড। এর আগে গত বছরের শেষ মাস ডিসেম্বরে ৩২২ কোটি ডলার এসেছিল, যা ছিল দ্বিতীয় সর্বোচ্চ। আর দেশের ইতিহাসে একক মাসে সর্বোচ্চ ৩২৯ কোটি ডলার রেমিট্যান্স এসেছিল গত বছরের মার্চে, মূলত ঈদুল ফিতরকে কেন্দ্র করে। আর সদ্য সমাপ্ত ২০২৫ সালে দেশে মোট প্রবাসী আয় এসেছে ৩ হাজার ২৮২ কোটি ডলার।
চলতি অর্থবছরের মাসভিত্তিক চিত্র বিশ্লেষণে দেখা যায়, জুলাইয়ে ২৪৭ কোটি ৭৮ লাখ, আগস্টে ২৪২ কোটি ১৯ লাখ, সেপ্টেম্বরে ২৬৮ কোটি ৫৮ লাখ, অক্টোবরে ২৫৬ কোটি ৩৫ লাখ, নভেম্বরে ২৮৮ কোটি ৯৫ লাখ, ডিসেম্বরে ৩২২ কোটি ৬৬ লাখ এবং জানুয়ারিতে ৩১৭ কোটি ডলার রেমিট্যান্স এসেছে।
এদিকে ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত প্রবাসীরা মোট ২ হাজার ১৫৬ কোটি ডলার পাঠিয়েছেন। গত অর্থবছরের একই সময়ের তুলনায় এ প্রবৃদ্ধি ২২ দশমিক ৩ শতাংশ বেশি। আগের অর্থবছরের এ সময়ে রেমিট্যান্স এসেছিল ১ হাজার ৭৬৩ কোটি ডলার।
রিজার্ভের সর্বশেষ পরিস্থিতি নিয়ে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৭৮ বিলিয়ন ডলার। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ পদ্ধতি অনুযায়ী প্রকৃত রিজার্ভ ৩০ দশমিক শূন্য ৬ বিলিয়ন ডলার।


