সকলের সম্মিলিত প্রচেষ্টায় ঢাকাকে সবার বাসযোগ্য, দৃষ্টিনন্দন ও আধুনিক করতে হবে : মেয়র আতিকুল ইসলাম
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন-ডিএনসিসি মেয়র মোঃ আতিকুল ইসলাম বলেছেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় ঢাকাকে সবার বাসযোগ্য, দৃষ্টিনন্দন ও আধুনিক ঢাকায় রূপান্তরিত করতে হবে।
সোমবার (২৯শে নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক আয়োজিত "রেডিমেড গার্মেন্টস এন্ড টেক্সটাইলস" শীর্ষক কারিগরী/প্যারালাল অধিবেশনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
ডিএনসিসি মেয়র বলেন, অপরিকল্পিত এই ঢাকাকে সবুজায়নের মাধ্যমে একটি অক্সিজেন হাব হিসেবে গড়ে তুলতে হবে।
মোঃ আতিকুল ইসলাম বলেন, বিশুদ্ধ অক্সিজেনের জন্য গাছের কোনো বিকল্প নেই। তাই ডিএনসিসির পক্ষ থেকে শূন্য থেকে দুই বছর বয়সী সকল শিশুকে জন্মসনদের সাথে জিও ব্যাগে করে একটি করে গাছের চারা উপহার দেয়ার ব্যবস্থা করা হয়েছে।
তিনি বলেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় যেসকল ভবনে ছাদ বাগান করা হবে সেসকল ভবন মালিকদের জন্য ১০ শতাংশ হোল্ডিং ট্যাক্স মওকুফ করা হবে।
ডিএনসিসি মেয়র বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশ বিশ্বে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে।
মোঃ আতিকুল ইসলাম বলেন, বর্তমান বাংলাদেশ বিনিয়োগকারীদের নিরাপদ বিনিয়োগের জন্য যথোপযুক্ত এক স্থান। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন দেশে প্রথমবারের মতো গ্রীনবন্ড চালু করবে।
এরপর, ডিএনসিসি মেয়র এরপর ইনভেস্টমেন্ট সামিট-২০২১ এর সমাপনী অনুষ্ঠান ও মিডিয়া ব্রিফিংয়ে অংশগ্রহণ করেন।


