জামালপুরে ১৫টি ইউপিতে নির্বাচন আাগামীকাল
শামীম আলম, (জামালপুর) :
দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামালপুর সদর উপজেলার ১৫টি ইউনিয়নে আগামীকাল বৃহস্পতিবার ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসব মুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের লক্ষে সকল প্রস্ততি সম্পন্ন করেছে উপজেলা নির্বাচন অফিস।
বুধবার দুপুর থেকে জামালপুর সদর উপজেলা পরিষদ চত্বর ও শহরের শাহ জামাল উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী সরঞ্জাম বিতরণ করে উপজেলা নির্বাচন অফিস। আগামীকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একযোগে সদর উপজেলার ১৫টি ইউনিয়ন পরিষদের মধ্যে ১০টিতে চেয়ারম্যান প্রার্থীসহ সকল পদেই নির্বাচন অনুষ্ঠিত হবে।
এরই মধ্যে ৫টি ইউনিয়ন- ইটাইল, বাঁশচড়া, রানাগাছা, দিগপাইত এবং রশীদপুর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় এই ইউনিয়নগুলোতে শুধুমাত্র সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।
ব্যালট পেপারে ভোট অনুষ্ঠিত হলেও শুধুমাত্র বাঁশচড়া ইউপিতে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ করা হবে। ১০টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। এর মধ্যে শরীফপুর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে ৬ জন, তিতপল্লা ইউনিয়ন পরিষদে ৩ জন, কেন্দুয়া ইউনিয়ন পরিষদে ২ জন, মেষ্টা ইউনিয়ন পরিষদে ৫ জন, লক্ষীরচর ইউনিয়ন পরিষদে ৪ জন, তুলশীরচর ইউনিয়ন পরিষদে ৩ জন, শাহবাজপুর ইউনিয়ন পরিষদে ৩ জন, ঘোড়াধাপ ইউনিয়ন পরিষদে ৩ জন, নরুন্দি ইউনিয়ন পরিষদে ৪ জন এবং শ্রীপুর ইউনিয়ন পরিষদে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সাধারণ সদস্য পদে ৫৪২ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদের ১৮৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। ১৬৩টি ভোটকেন্দ্রে জনপ্রতিনিধি নির্বাচনের লক্ষে মোট ৪ লাখ ৭শ ৫৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবে, যার মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৯৬ হাজার ৭শ ৫৪ জন ও নারী ভোটার ২ লাখ ৪ হাজার ১ জন।
জামালপুর সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো: মাহমুদুল আলম জানান, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে ১৩ জন নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে স্ট্রাইকিং ফোর্স মাঠে দায়িত্ব পালন করবেন। সেই সাথে ৩ হাজার ৭শ ২৮ জন পুলিশ, র্যাব, আনসার ও বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।


