চিকিৎসা ও ভ্যাক্সিন কার্যক্রমের জোরদারে আহবান বিভাগীয় কমিশনারের
এইচ এম জোবায়ের হোসাইন
বৈশ্বিক অতিমারী করোনা ভাইরাস প্রতিরোধে জাতির জনক বঙ্গবন্ধুর সুযোগ্য কণ্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। এর ধারাবাহিকতায় ময়মনসিংহ বিভাগের চার জেলায় করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি কার্যকর করা, করোনার প্রয়োজনীয় চিকিৎসা এবং ইউনিয়ন পর্যায়ে গণটিকা (ভ্যাক্সিন) কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনে জোরদার মনিটরিং করার জন্য প্রশাসন ও জনপ্রতিনিধিদের প্রতি আহবান জানিয়েছেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মোঃ শফিকুর রেজা বিশ্বাস।
মঙ্গলবার (৩ আগষ্ট) সকালে ভার্চ্যুয়াল প্ল্যাটফরমে করোনা ভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংক্রান্ত বিভাগীয় কমিটির এক সভায় তিনি এ আহবান জানান। ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি ব্যারিস্টার মোঃ হারুন অর রশিদ, স্থানীয় সরকার বিভাগীয় পরিচালক মোঃ আবদুল আলীম, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক/রাজস্ব) এস. এ. এম রফিকুন্নবী, ময়মনসিংহ জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক, নেত্রকোণা জেলা প্রশাসক কাজি মোঃ আবদুর রহমান, জামালপুর জেলা প্রশাসক মুর্শেদা জামান, মোঃ মোমিনুর রশীদ, বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডাঃ মোঃ শাহ আলমসহ কমিটির অন্যান্য সদস্যগণ অংশ নেন।
এছাড়াও মঙ্গলবার বিকেলে করোনা (কোভিড-১৯) সংক্রমণ নিয়ন্ত্রণে ময়মনসিংহ জেলার স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের ভূমিকা জোরদারকরণ সংক্রান্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মোঃ শফিকুর রেজা বিশ্বাস।
ভার্চুয়াল মাধ্যমে ময়মনসিংহ জেলার সকল উপজেলা নির্বাহী অফিসার, সকল পৌর মেয়র এবং সকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ময়মনসিংহের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হকের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যুক্ত ছিলেন স্থানীয় সরকার বিভাগীয় পরিচালক মোঃ আবদুল আলীম।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক একেএম গালিভ খান।
সভায় চলমান করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং ভ্যাক্সিনেশন কার্যক্রমকে জোরদারকরণে স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের করণীয় নির্ধারণ সংক্রান্ত বিস্তারিত আলোচনা হয়।


