ব্র্যাক ব্যাংকের অর্থায়নে দেশের সর্ববৃহৎ তেলবাহী জাহাজের প্রথম সমুদ্রযাত্রা
ব্র্যাক ব্যাংক পিএলসির অর্থায়নে নির্মিত আফ্রাম্যাক্স তেলবাহী জাহাজ প্রথমবারের মতো সমুদ্রযাত্রায় যাচ্ছে। এটিই বাংলাদেশের পতাকাবাহী সর্ববৃহৎ ট্যাংকার।
২৫০ মিটার দৈর্ঘ্যের ‘এমটি ওমেরা লিবার্টি’ নামক জাহাজটির মালিকানায় রয়েছে ইস্ট কোস্ট গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান এমজেএল বাংলাদেশ। সর্বোচ্চ ১ লাখ ১৫ হাজার টন জ্বালানি তেল বহনে সক্ষম ট্যাংকারটি আজ প্রথম সমুদ্রযাত্রা করবে।
ব্র্যাক ব্যাংক গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, জাহাজটির কমিশনিং বা নামকরণ উপলক্ষে গত বুধবার দক্ষিণ কোরিয়ার দেহান শিপবিল্ডিং ইয়ার্ডে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় ইস্ট কোস্ট গ্রুপের চেয়ারম্যান আজম জে চৌধুরী, দেহান শিপবিল্ডিংয়ের চেয়ারম্যান ডেভিড কিম, দক্ষিণ কোরিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তৌফিকুল ইসলাম এবং এমজেএল শিপিংয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ক্যাপ্টেন (অব.) মিনহাজুর রেজা চৌধুরী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের পক্ষে ছিলেন করপোরেট, কমার্শিয়াল অ্যান্ড ইনস্টিটিউশনাল ব্যাংকিংয়ের এরিয়া হেড ১ আবু সাদাত চৌধুরী।
এর আগে এমজেএল বাংলাদেশ পিএলসিকে দুটি সমুদ্রগামী আফ্রাম্যাক্স তেলবাহী জাহাজ ‘এমটি ওমেরা লিবার্টি’ ও ‘এমটি ওমেরা গ্যালাক্সি’ অধিগ্রহণের জন্য অর্থায়ন করেছে ব্র্যাক ব্যাংক। ৯৫ দশমিক ৭৭ মিলিয়ন ডলার মূল্যের এ অর্থায়ন সুবিধা এখন পর্যন্ত এ খাতে দেশের কোনো স্থানীয় বেসরকারি ব্যাংকের দেয়া সর্ববৃহৎ একক বৈদেশিক মুদ্রার (এফসিওয়াই) অফশোর ব্যাংকিং টার্ম লোন।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ‘এমটি ওমেরা লিবার্টি’ চালুর ফলে এমজেএল বাংলাদেশের নৌবহর উন্নত হওয়ার পাশাপাশি দেশের সামুদ্রিক লজিস্টিক সক্ষমতা আরো বৃদ্ধি পাবে, যা জ্বালানির ক্রমবর্ধমান চাহিদার প্রেক্ষাপটে আন্তর্জাতিক বাণিজ্য সহজতর করতে ভূমিকা রাখবে।
জাহাজটির প্রথম সমুদ্রযাত্রা উপলক্ষে ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও তারেক রেফাত উল্লাহ খান উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘বাংলাদেশের পতাকাবাহী সর্ববৃহৎ তেলবাহী জাহাজের অর্থায়নে এমজেএল বাংলাদেশের অংশীদার হতে পেরে আমরা আনন্দিত ও গর্বিত। এটি আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে যৌথভাবে বৃহৎ পরিসরের বৈদেশিক মুদ্রায় অর্থায়ন সম্পাদনের ক্ষেত্রে ব্র্যাক ব্যাংকের সক্ষমতার প্রতিফলন। এ অর্থায়ন সুবিধা সামুদ্রিক লজিস্টিক সক্ষমতা শক্তিশালী করার পাশাপাশি দেশের ব্যবসা-বাণিজ্য, জ্বালানি নিরাপত্তা ও দীর্ঘমেয়াদি অর্থনৈতিক উন্নয়নে সরাসরি অবদান রাখবে।’
ব্র্যাক ব্যাংক বলছে, দেশের সমুদ্রগামী জাহাজের বহরে বড় আকারের তেলবাহী ট্যাংকার যুক্ত হওয়ায় জ্বালানি পরিবহনে বৈদেশিক মুদ্রার সাশ্রয় হবে।


