পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় নিহত-১
মোঃ লিহাজ উদ্দিন, (পঞ্চগড়)
উত্তরের জেলা পঞ্চগড়ের সদর উপজেলায় ট্রাকের ধাক্কায় আলীম ইসলাম (২০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মোজাফফর হোসেন (২০) নামের আরও একজন।
বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) রাতে উপজেলার সাতমেড়া ইউনিয়নের দশমাইল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আলীম দেবীগঞ্জ উপজেলার গরাগমা এলাকার সামসুল হকের ছেলে। পেশায় তিনি একজন ট্রাক্টর চালক। আহত মোজাফফর সাতমেড়া ইউনিয়নের বিরাজোত এলাকার শহিদুল ইসলামের ছেলে। পেশায় সে ট্রাক্টর শ্রমিক।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, কাজ শেষে আলীম ও মোজাফফর মোটরসাইকেল যোগে দশমাইল বাজারে চা খাওয়ার জন্য যাচ্ছিলেন। বাজারের কাছাকাছি এলাকায় পৌঁছলে দ্রুতগতির একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পড়েন আলীম ও মোজাফফর। স্থানীয়রা আহতাবস্থায় তাদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আলীমকে মৃত ঘোষণা করেন এবং মোজাফফরের অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
তেঁতুলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম খাঁন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে।


