বাগেরহাটে নানা কর্মসূচীর মধ্যদিয়ে মহান বিজয় দিবস উদযাপন
এস এম সামছুর রহমান, (বাগেরহাট) :
বাগেরহাটে নানা কর্মসূচীর মধ্যদিয়ে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার সূর্যদয়ের সাথে সাথে ৩১ বার তোপ ধ্বনির মাধ্যমে দিনটির শুভ সুচনা করা হয়। সকাল ৭টায় শহরের দশানী স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে বাগেরহাটের জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আওয়ামী লীগ, সরকারী ও বেসরকারী সংস্থা, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংষ্কৃতিক সংগঠন। পরে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে গার্ড অব অনার প্রদান, এক মিনিট নিরবতা পালন ও শহীদের রুহের মাগফেরত কামনা করে দোয়া করা হয়।
এসময় বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান, পুলিশ সুপার আরিফুল হক, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ্যাড. ভূইয়া হেমায়েত উদ্দিন, জেলা যুবলীগের আহবায়ক সরদার নাসির উদ্দিন, বিএমএর সাধারণ সম্পাদক ডা: মোশাররফ হোসেন, ছাত্রলীগের সভাপতি মনির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন ।
পরে বাগেরহাট হেলাল উদ্দিন স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও পায়রা এবং বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। কুচকাওয়াজ, শরীর চর্চা ও ডিসপ্লে প্রদর্শন, মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।


