বাইক নিয়ে ঝিক-ঝাঁক করতে গিয়ে প্রাণ গেল যুবকের
প্রসীদ কুমার দাস, (কাশিয়ানী):
গোপালগঞ্জের কাশিয়ানীতে মোটরসাইকেল নিয়ে ঝিক ঝাঁক করতে গিয়ে বিপ্লব শেখ (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন।
সোমবার (৪ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের ভাটিয়াপাড়া ফ্লাইওভারের উপর এ দুর্ঘটনা ঘটে।
নিহত বিপ্লব শেখ বরাশুর উত্তরপাড়া গ্রামের হেমায়েত হোসেন (হিম) শেখের ছেলে।
কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশ ক্যাম্পের পরিদর্শক আবুনাঈম মোহাম্মাদ মোফাজ্জেল হক জানান, ওই যুবক ঢাকা-খুলনা মহাসড়কের ভাটিয়াপাড়া ফ্লাইওভারের উপর হেলমেট ছাড়া মোটরসাইকেল নিয়ে ঝিক-ঝাঁক করছিলেন। এসময় ফ্লাইওভারের রেলিংয়ের সাথে বাড়ি খেয়ে মাথা ফেটে যায়। পরে তাকে উদ্ধার করে কাশিয়ানী ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
পুলিশের ওই কর্মকর্তা আরো জানান, নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে উর্দ্ধতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা সাপেক্ষে বিনা ময়নাতদন্তে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।


