এক রাতের প্রবল বর্ষণে রংপুর নগরীতে জলাবদ্ধতা
আমিনুল ইসলাম জুয়েল, ( রংপুর) :
এক রাতের প্রবল বর্ষণে তলিয়ে গেছে রংপুর নগরীর বেশীরভাগ পাড়া-মহল্লা। কোথাও হাঁটু পানি, কোথাও কোমর সমান। বাড়িঘরেও ঢুকে পড়েছে পানি।
রোববার(২ অক্টোবর) রাত ১২টার পর থেকে সোমবার সকাল ৭টা পর্যন্ত টানা প্রবল বর্ষণে নগরীর প্রায় এলাকা পানিতে নিমজ্জিত হয়ে পড়েছে। পানি জমে যাওয়ায় দুর্ভোগে পড়েছে মানুষ।
রংপুর আবহাওয়া অফিসের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, রোববার রাত ১২টা থেকে সকাল ৭টা পর্যন্ত সাত ঘণ্টায় ২২২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে ।
গত বছরের ২৭ সেপ্টেম্বর রেকর্ড এক রাতে ৩০০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছিল। সে সময় রংপুর নগরীর পুরোটাই পানিতে তলিয়ে গিয়েছিল।
খোঁজ নিয়ে জানা গেছে, নগরীর কামাল কাছনা, মাহিগঞ্জ, বোতলা, নিউ জুম্মাপাড়া, পূর্ব জুম্মাপাড়া, তাজহাট, বাবুপাড়া, কামারপাড়া, আদর্শপাড়া, নগর মীরগঞ্জ, শালবন, মিস্ত্রিপাড়া, কলাবাড়ি দর্শনা, মর্ডান মোড় সংলগ্ন বিভিন্ন মহল্লা, মুন্সিপাড়া, হনুমান তলা, মুলাটোল, মেডিকেল পাকার মাথা ও জলকরসহ বিভিন্ন এলাকায় পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। পানিবন্দী হয়ে আছেন হাজার হাজার পরিবার। রাস্তাঘাট-দোকানপাট ও ঘরে পানি ওঠায় নগরীর মানুষের দুর্ভোগ বেড়েছে।
স্থানীয়দের অভিযোগ, রংপুর নগরীর শ্যামা সুন্দরী খাল ভরাট হয়ে যাওয়ায় ভারি বর্ষণে পানি উপচে লোকালয়ে প্রবেশ করছে। অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থাও এর জন্য দায়ি।
শালবন এলাকার ফয়জার রহমান বলেন, দ্বিতীয় বারের মতো নগরীর মানুষ এতো পানি দেখতেছে। গত বছর হঠাৎ অবিরাম বৃষ্টিতে নগরীতে বন্যা হয়েছিল। এবারও একই অবস্থা।
সেনপাড়া এলাকার মতিয়ার রহমান জানান, রাত থেকে মুষলধারে বৃষ্টি হয়েছে। এতে ঘরে পানি ঢুকেছে। এখন আসবাবপত্র অন্যত্র সরিয়ে নেয়ার চেষ্টা চলছে।
রংপুর সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা জানান, টানা বৃষ্টিতে এখন পর্যন্ত যেসব এলাকায় পানি উঠেছে তা নিচু এলাকা। পানিবন্দি মানুষজনকে প্রয়োজনীয় সহযোগিতার জন্য সংশ্লিষ্ট এলাকার কাউন্সিলরদের নির্দেশ দেওয়া হয়েছে।##
আমিনুল ইসলাম জুয়েল, রংপুর।


