আমতলীতে ভ্রাম্যমাণ আদালতে ভেজাল খাদ্যে অর্থদণ্ড
এম.এস রিয়াদ, (বরগুনা) :
বরগুনা জেলার আমতলী পৌর শহরে ভেজাল খাদ্য বিরোধী অভিযান পরিচালনা করেছেন বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ের একটি ভ্রাম্যমাণ আদালত।
অসাস্থ্যকর পরিবেশে বেকারি কারখানা ও খাবার হোটেলে ভেজাল খাদ্য পণ্য উৎপাদন করায় মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।
এসময় ভেজাল খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান মারিয়া বেকারি সহ ৪টি কারখানাকে ৬০ হাজার টাকা ও ২ টি খাবার হোটেলকে ১০ হাজার ৫ শ' টাকা সহ মোট ৭০ হাজার ৫ শ' টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের হাকিম নির্বাহী ম্যাজিস্ট্রেট ও রেভিনিউ ডেপুটি কালেক্টর (আরডিসি) আবু বক্কর সিদ্দিকী।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিকী সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন- সারাদেশে একযোগে ভেজাল খাদ্য উৎপাদনের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হচ্ছে।
এরই ধারাবাহিকতায় আমতলী পৌরসভার ৭ নং ওয়ার্ডে মারিয়া বেকারি সহ বেশ কয়েকটি কারখানার পরিবেশ অস্বাস্থ্যকর থাকায় তাদেরকে অর্থদণ্ড করা হয়েছে।
একই সঙ্গে ডেঙ্গুর উপযোগী ড্রেনেজ, ডোবা ও অস্বাস্থ্যকর টয়লেট বেকারির কারখানার সাথে যুক্ত থাকায় সঠিক পয়নিষ্কাশন ব্যবস্থা নেই। পাশাপাশি শ্রমিকদের স্বাস্থ্য বিধি লঙ্ঘিত ও দীর্ঘ দিনের পুরাতন তেল ব্যবহার ও তেলাপোকা পাওয়ায় তাদের অর্থদন্ড করা হয়।
ভ্রাম্যমান আদালত চলাকালীন আইন-শৃঙ্খলা রক্ষার্থে র্যাব সদস্যরা উপস্থিত ছিলেন।


