সালথায় লকডাউন কার্যকর করতে প্রশাসনের অভিযানে ৪ জনকে সাড়ে ৬ হাজার টাকা জরিমানা
জাকির হোসেন (সালথা ,ফরিদপুর) :
করোনাভাইরাস (কোভিড-১৯) এর বিস্তার রোধকল্পে সার্বিক কার্যাবলী/চলাচলে আরোপিত বিধিনিষেধ লকডাউন কার্যকর করতে সালথা উপজেলা প্রশাসন ও সালথা থানা কর্তৃক অভিযান চলমান রয়েছে।
শুক্রবার (০২ জুলাই) সরকার ঘোষিত কঠোর বিধি নিষেধের ২য় দিনে লকডাউন বাস্তবায়নে সালথা সদর, বালিয়াগট্টিসহ অন্যান্য এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসিব সরকার।
এসময়, সরকারী নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখায় দুপুর পর্যন্ত সালথা বাজারে একজন কাপড়ের দোকানদার ও গট্টি ইউনিয়নের বালিয়াগট্টি বাজারে একজন চায়ের দোকানদার ও উক্ত দোকানে দুইজন চা-পানকারী, একজন ব্যবসায়ীসহ চারজনকে আটক করে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ অনুযায়ী নির্দেশ অমান্যে মোট ৬ হাজার ৫ শত টাকা জরিমানা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, সালথা-নগরকান্দা পুলিশের সার্কেল মোঃ সুমিনুর রহমান ও সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আসিকুজ্জামানসহ ব্যাটালিয়ান আনসারের একটি টিম।
সালথা-নগরকান্দা পুলিশের সার্কেল সুমিনুর রহমান বলেন, লকডাউন বাস্তবায়নে সর্বদা পুলিশ মাঠে রয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার বলেন, লকডাউনের বিধিনিষেধ অমান্য করায় চার ব্যবসায়ীকে সাড়ে ৬হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।
সেই সাথে সবাই করোনা ভাইরাসের ভয়াল থাবা নিজে বাঁচতে এবং সকলকে বাঁচাতে ঘরে থাকার পরামর্শ দেন।


