শিরোনাম

South east bank ad

প্রকৃতি সেজেছে নতুন সাজে

 প্রকাশ: ২১ জুন ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

সুনান বিন মাহাবুব (পটুয়াখালী):

করোনাভাইরাস সংক্রমণ রোধে গত বছরের ১৭ মার্চ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে সরকার। সে নির্দেশনা অনুযায়ী এদিনই পটুয়াখালী সরকারি কলেজের সব একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। বর্তমানে নিস্তব্দ সরকারি কলেজে নানান জাতের গাছগাছালির সমারোহ ক্যাম্পাসকে দিয়েছে স্বতন্ত্র বৈশিষ্ট্য।

বৃষ্টির ছোঁয়া পেয়ে কলেজ ক্যাম্পাস সেজেছে ঘন সবুজে। কিছুদিন পরই হলুদ-সাদা ফুলে ভরে যাবে কদম গাছগুলো। করোনার আতঙ্কে যখন ক্যাম্পাস হয়ে পড়েছে স্থবির, তখন আম, জাম, নিম, শাল, দেবদারু, মধুকূপী ঘাস, কদম গাছ তরতর করে লাফিয়ে বড় হচ্ছে। ইষ্টু-পুষ্ট হচ্ছে। কোনো মহামারির আতঙ্ক নেই বৃক্ষের চোখে মুখে।

পটুয়াখালী সরকারি কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের শিক্ষিকা সেলিনা আক্তার বলেন, পটুয়াখালী সরকারি কলেজের বন্ধ ক্যাম্পাসে কোলাহলমুক্ত পরিবেশে প্রকৃতি সেজেছে নতুন সাজে। চারদিকে সবুজের সমারোহ। ঘাসে ঘাসে সাদা ফুলসহ নানান ফুলে ভরে আছে কলেজ প্রাঙ্গণ। সবুজ পাতায় ভরে গেছে বৃহৎ বৃক্ষ। বিভিন্ন ফলজ উদ্ভিদও জন্ম নিয়েছে। এগুলো ভবিষ্যতে কলেজ কর্তৃপক্ষের মাধ্যমে রক্ষনাবেক্ষনের ব্যবস্থা করা হবে।

সরেজমিনে দেখা গেছে, কলেজ ক্যাম্পাসের প্রকৃতি একদমই বসে নেই। নিজেকে গুছিয়ে নিচ্ছে, সাজিয়ে নিচ্ছে যত দ্রুত সম্ভব। জনজীবন থমকে গেলেও প্রাণ ফিরে পেয়েছে ক্যাম্পাসের প্রকৃতি। ক্যাম্পাসজুড়ে কোনো কোলাহল নেই, ময়লা আবর্জনা নেই, রিক্ততা নেই, কেবল প্রকৃতির অন্তরঙ্গতা রয়েছে। ডালে ডালে সবুজের সমারহ। সবুজ বনভূমি কলেজ ক্যাম্পাসকে করে তুলেছে আরো নান্দনিক। পাখিদের কুজন, সবুজের বনায়ন আরও বিস্তৃত সবুজরূপ লাভ করেছে। ক্যাম্পাসের চারদিকে যেন এখন প্রকৃতি হাসছে।

পটুয়াখালী সরকারি কলেজ স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং এর সভাপতি কে.এম. জাহিদ হোসেন বলেছেন, করোনায় কলেজ ক্যাম্পাস বন্ধ। এই সময়ে ছাত্রছাত্রীদের পদচারনায় মুখরিত থাকত কলেজের প্রাঙ্গন। ছাত্র-ছাত্রী ক্যাম্পাসে প্রবেশ না করায় কলেজের বৃক্ষগুলো বেড়ে উঠেছে স্বাধীনভাবে। বিভিন্ন ফলের গাছও বড় হচ্ছে। ফুল গাছে ছেয়ে গেছে কলেজের পুকুরপাড় এবং হিসাব বিজ্ঞান ভবনের সামনের প্রাঙ্গন।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: