প্রধানমন্ত্রীর পুঁজিবাজারবিষয়ক বিশেষ সহকারী হলেন তানভীর গনি
প্রধানমন্ত্রী তারেক রহমানের বিনিয়োগ ও পুঁজিবাজারবিষয়ক বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন তানভীর গনি।
গতকাল মন্ত্রিপরিষদ বিভাগ থেকে তার নিয়োগের বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বিশেষ সহকারী হিসেবে তানভীর গনি প্রতিমন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতা ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পাওয়ার আগে তানভীর গনি হংকংভিত্তিক দি ওসিরিস গ্রুপের প্রেসিডেন্টের দায়িত্বে ছিলেন। বিশ্বব্যাপী বিনিয়োগ ব্যবস্থাপনা, প্রাইভেট ইকুইটি ও করপোরেট ফাইন্যান্স খাতে তার কয়েক দশকের নেতৃত্বের অভিজ্ঞতা রয়েছে। ওসিরিসে যোগদানের আগে তিনি এশিয়ার অন্যতম বৃহৎ ফান্ড ‘টাইবোর্ন ক্যাপিটাল ম্যানেজমেন্ট’-এর প্রেসিডেন্ট ছিলেন। এ প্রতিষ্ঠানের অধীনে প্রায় ৮ বিলিয়ন ডলারের সম্পদ পরিচালিত হয়। তিনি বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় বিনিয়োগ ব্যাংক গোল্ডম্যান স্যাকসে ‘হেজ অ্যান্ড প্রাইভেট ইকুইটি অ্যাডভাইজরি’ বিভাগের ম্যানেজিং ডিরেক্টর হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ক্যারিয়ারের শুরুর দিকে তিনি ওয়েলস ফারগোতে করপোরেট ও কমার্শিয়াল ব্যাংকিং বিভাগে ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত ছিলেন।
তানভীর গনি কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অ্যাডভাইজরি বোর্ডের একজন সদস্য। তিনি যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে ইন্টারন্যাশনাল ফাইন্যান্সে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।


