শিরোনাম

South east bank ad

অ্যাজমা রোগীর জন্য ইনহেলার নিশ্চিত করা জরুরি

 প্রকাশ: ০৩ মে ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   স্বাস্থ্য

অ্যাজমা রোগীর জন্য ইনহেলার নিশ্চিত করা জরুরি

রবিবার  (৩ মে) শ্বাসনালির দীর্ঘমেয়াদি প্রদাহজনিত রোগ অ্যাজমা বর্তমানে বিশ্বজুড়ে উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। শিশু থেকে শুরু করে সব বয়সী মানুষই এ রোগে আক্রান্ত হতে পারেন। তবে নিয়মিত ও সঠিক চিকিৎসা গ্রহণ করলে অ্যাজমা নিয়ন্ত্রণে রাখা সম্ভব—এবং এর মূল চিকিৎসা হলো ইনহেলার ব্যবহার।

বিশ্ব অ্যাজমা দিবস-২০২৬ উপলক্ষে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল ঢাকা-এর রেসপিরেটরি মেডিসিন বিভাগ আয়োজিত এক বৈজ্ঞানিক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। এবারের প্রতিপাদ্য ছিল— “অ্যাজমা আক্রান্ত প্রত্যেক রোগীর জন্য ইনহেলার নিশ্চিত করা জরুরি”।

হাসপাতালের অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল-এর পরিচালক ডা. কাজী সাইফুদ্দীন বেননূর। বিশেষ অতিথি ছিলেন হাসপাতালের গ্রুপ মেডিকেল ডিরেক্টর ডা. আরিফ মাহমুদ।

বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করেন রেসপিরেটরি মেডিসিন বিভাগের সিনিয়র কনসালট্যান্ট ডা. এস এম আবদুল্লাহ আল মামুন এবং এআইসিইউ ও এইচডিইউ বিভাগের সিনিয়র কনসালট্যান্ট ডা. জাফর ইকবাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডা. জিয়াউল হক।

মূল প্রবন্ধে ডা. আবদুল্লাহ আল মামুন বলেন, জলবায়ু পরিবর্তন ও বায়ুদূষণ অ্যাজমা রোগ বৃদ্ধির অন্যতম প্রধান কারণ। বায়ুতে ক্ষতিকর ধূলিকণা, ধোঁয়া ও রাসায়নিক দূষণের মাত্রা বেড়ে যাওয়ায় শিশু ও বয়স্কদের মধ্যে শ্বাসকষ্টজনিত সমস্যা বাড়ছে।

তিনি আরও বলেন, পরিস্থিতি মোকাবেলায় বায়ুদূষণ নিয়ন্ত্রণ, জনসচেতনতা বৃদ্ধি এবং সহজলভ্য উন্নত চিকিৎসা নিশ্চিত করা জরুরি।

ডা. কাজী সাইফুদ্দীন বেননূর বলেন, “আমরা প্রতি মুহূর্তে স্বাভাবিকভাবে শ্বাস গ্রহণ করি, কিন্তু একজন অ্যাজমা রোগীর জন্য এটি অত্যন্ত কষ্টকর অভিজ্ঞতা।”

ডা. আরিফ মাহমুদ বলেন, “অ্যাজমা একটি নিয়ন্ত্রণযোগ্য রোগ হলেও এখনো অনেক রোগী ঝুঁকির মধ্যে রয়েছেন। তাই প্রতিটি রোগীর জন্য ইনহেলার সহজলভ্য করা সময়ের দাবি।”

অনুষ্ঠানে আরও ছিল বর্ণাঢ্য র‍্যালি, অক্সিজেন থেরাপি ও ইনহেলেশনাল টেকনিক বিষয়ক কর্মশালা এবং অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিল অ্যারিস্টোফার্মা।

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, অ্যাজমা নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত ইনহেলার ব্যবহার, পরিবেশ দূষণ কমানো এবং সময়মতো চিকিৎসকের পরামর্শ নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।

BBS cable ad

স্বাস্থ্য এর আরও খবর: