আলফা ইসলামী লাইফের পলিসিহোল্ডারদের বীমা প্রিমিয়াম সংগ্রহ করবে ওয়ান ব্যাংক
চুক্তির আওতায় বীমা প্রতিষ্ঠানটির পলিসিহোল্ডাররা ওয়ান ব্যাংকের শাখা ও ডিজিটাল পেমেন্ট প্লাটফর্মের মাধ্যমে বীমা প্রিমিয়াম পরিশোধ করতে পারবেন। এর ফলে প্রিমিয়াম পরিশোধের প্রক্রিয়া আরো দ্রুত ও সহজলভ্য হবে বলে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।
আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির পলিসিহোল্ডারদের বীমা প্রিমিয়াম সংগ্রহের লক্ষ্যে প্রতিষ্ঠানটির সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে ওয়ান ব্যাংক পিএলসি।
ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়। সম্প্রতি এক অনুষ্ঠানে আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নুরা আলম সিদ্দিকী ওভী এবং ওয়ান ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শাব্বির আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।
চুক্তির আওতায় বীমা প্রতিষ্ঠানটির পলিসিহোল্ডাররা ওয়ান ব্যাংকের শাখা ও ডিজিটাল পেমেন্ট প্লাটফর্মের মাধ্যমে বীমা প্রিমিয়াম পরিশোধ করতে পারবেন। এর ফলে প্রিমিয়াম পরিশোধের প্রক্রিয়া আরো দ্রুত ও সহজলভ্য হবে বলে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের উপব্যবস্থাপনা পরিচালক সাজেদুল বারী; অপারেশনস বিভাগের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহ আলম (মামুন); সহকারী ব্যবস্থাপনা পরিচালক ও আইসিটি বিভাগের প্রধান মোহাম্মদ নাজমুল আকবর জুয়েল; সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও গ্রুপ অ্যান্ড হেলথ ইন্স্যুরেন্স বিভাগের প্রধান মো. শাহাদাত হোসাইন এবং এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস বিভাগের প্রধান মো. আলমগীর আলম। অন্যদিকে ওয়ান ব্যাংকের পক্ষে আরো ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক ও ট্রানজেকশন অ্যান্ড ইনভেস্টমেন্ট ব্যাংকিং বিভাগের প্রধান ইফতেখার আহমেদ জাফর; অতিরিক্ত উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ ইনফরমেশন অফিসার এওয়াইএম মোস্তফা; সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ট্রেজারি বিভাগের প্রধান মির্জা আশরাফ আহমদ; সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও চিফ ফাইন্যান্সিয়াল অফিসার পংকজ সূতার এবং সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও পাবলিক সেক্টর (লায়াবিলিটি) বিভাগের প্রধান আব্দুল জাবেদ।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এ চুক্তির ফলে ক্রমবর্ধমান ডিজিটাল ইকোসিস্টেমে বীমা প্রিমিয়াম পরিশোধের সুবিধা যুক্ত হওয়ায় ওয়ান ব্যাংকের পেমেন্ট সংগ্রহ সক্ষমতা আরো বাড়বে। পলিসিহোল্ডাররা ওয়ানঅ্যাপ, ওকে ওয়ালেটসহ অন্যান্য ডিজিটাল পেমেন্ট চ্যানেলের মাধ্যমে দ্রুত ও নিরাপদে বীমা প্রিমিয়াম পরিশোধ করতে পারবেন।


