টেকসই প্রবৃদ্ধি অর্জনে অব্যাহতভাবে কাজ করবে মেঘনা গ্রুপ
টেকসই প্রবৃদ্ধি অর্জনে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই) অব্যাহতভাবে কাজ করবে বলে জানিয়েছেন শিল্প গ্রুপটির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোস্তফা কামাল।
এমজিআইয়ের অঙ্গপ্রতিষ্ঠান ইউনিক সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের (ইউসিআইএল) ব্র্যান্ড ফ্রেশ সিমেন্টের ডিলার সম্মেলনে এক ভিডিও বার্তায় তিনি এ কথা বলেন। সম্প্রতি কক্সবাজারে দুই দিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করা হয়। এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ফ্রেশ সিমেন্টের ৩৩০ জন ডিলার অংশ নেন। এমজিআইয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।
সম্মেলনে এমজিআই চেয়ারম্যান ও এমডি মোস্তফা কামাল ভিডিও বার্তায় বলেন, ‘ডিলারদের সঙ্গে পারস্পরিক আস্থা ও সহযোগিতার সম্পর্ক আরো শক্তিশালী করার মাধ্যমে নতুন ব্যবসায়িক সম্ভাবনা তৈরি এবং টেকসই প্রবৃদ্ধি অর্জনে এমজিআই অব্যাহতভাবে কাজ করবে।’
অন্যদিকে এমজিআই পরিচালক তানজিমা মোস্তফা জানান, পূর্ণাঙ্গ নির্মাণসামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে এমজিআই বিনিয়োগ ও নতুন উদ্ভাবন অব্যাহত রেখেছে। প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে বিশ্বমানের প্রযুক্তি ও উদ্ভাবনের বিকল্প নেই বলেও উল্লেখ করেন তিনি।
সম্মেলনে ইউসিআইএলের নির্বাহী পরিচালক মোহাম্মদ খোরশেদ আলম; এমজিআইয়ের চিফ অ্যাকাউন্টস অফিসার মো. রহমতুল্লাহ খোন্দকার, চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার আতিক উজ জামান খান, চিফ মার্কেটিং অফিসার কাজী মো. মহিউদ্দিন ও সিনিয়র জেনারেল ম্যানেজার (অডিট) সাজ্জাদ হোসেন; ইউসিআইএলের জেনারেল ম্যানেজার (সেলস অ্যান্ড মার্কেটিং) আব্দুল লতিফ ও জেনারেল ম্যানেজার (সেলস অ্যান্ড মার্কেটিং) মো. আনোয়ার হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


