শিরোনাম

South east bank ad

রেড ক্রিসেন্ট সোসাইটিকে সহায়তা করবে ইবিএল

 প্রকাশ: ২৫ মার্চ ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

রেড ক্রিসেন্ট সোসাইটিকে সহায়তা করবে ইবিএল

ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিকে দেশের বিভিন্ন স্থানে নির্বাচিত মা ও শিশু স্বাস্থ্য কেন্দ্রের কার্যকারিতা উন্নয়নে সহায়তা করবে।

এ উপলক্ষে সম্প্রতি ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে উভয় পক্ষ এ-সংক্রান্ত একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে। এ সময় সহায়তা হিসেবে ইবিএল প্রশাসন বিভাগের প্রধান মেজর (অব.) মো. আব্দুস সালাম বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব ড. কবির এম আশরাফ আলমের কাছে একটি চেক হস্তান্তর করেন। ইবিএল গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এ উদ্যোগের অধীনে কিশোরগঞ্জ, নারায়ণগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া ও দিনাজপুরে রেড ক্রিসেন্ট পরিচালিত চারটি গ্রামীণ মা ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে সেবার মানোন্নয়ন করা হবে।

ইবিএল জানিয়েছে, ‘মা ও শিশুর স্বাস্থ্যসেবার মান উন্নয়ন’ শীর্ষক এ উদ্যোগ এক বছর চলমান থাকবে এবং এতে প্রায় ১৫ হাজার মা, শিশু ও বয়স্ক মানুষ উপকৃত হবেন। প্রকল্পের অধীনে স্বাস্থ্য কেন্দ্রগুলোর অবকাঠামো সংস্কার, উন্নত স্যানিটেশন ও পানি সুবিধা নিশ্চিতকরণ, প্রয়োজনীয় ডায়াগনস্টিক যন্ত্রপাতি স্থাপন এবং যোগ্য সাধারণ চিকিৎসক ও স্ত্রীরোগ বিশেষজ্ঞদের দ্বারা নিয়মিত চিকিৎসাসেবা দেয়া হবে।

চেক প্রদান অনুষ্ঠানে রেড ক্রিসেন্ট সোসাইটির আন্তর্জাতিক সম্পর্ক, যোগাযোগ ও তহবিল সংগ্রহ বিভাগের পরিচালক আরিফা মেহেরা সিনহা এবং ব্লাড প্রোগ্রামের পরিচালক ড. শাহানা জাফরসহ উভয় প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বর্তমানে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সারা দেশে ৫৬টি মা ও শিশু স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিচালনা করছে, যার মাধ্যমে বছরে প্রায় ১৪ লাখ মানুষ স্বাস্থ্যসেবা পেয়ে থাকে।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: