প্রাইম ফাইন্যান্সের এজিএম আজ
ব্যাংক-বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান (এনবিআফআই) প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আজ সকাল ১০টায় অনুষ্ঠিত হবে।
৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি কোম্পানিটির পর্ষদ। এজিএমে লভ্যাংশসহ অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নেয়া হবে। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যানুসারে, সমাপ্ত ২০২৩ হিসাব বছরে প্রাইম ফাইন্যান্সের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৫ টাকা ৫৩ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৩ টাকা ২ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৩ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১ টাকা ৪৬ পয়সায়।
৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরে বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দেয়নি কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে প্রাইম ফাইন্যান্সের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৩ টাকা ২ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৬৯ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২২ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৬ টাকা ৯৯ পয়সায়।
৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরে বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দেয়নি কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে প্রাইম ফাইন্যান্সের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৬৯ পয়সা। আগের হিসাব বছরে শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ১৪ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২১ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১০ টাকা ১৪ পয়সায়।
প্রাইম ফাইন্যান্সের সর্বশেষ ঋণমান দীর্ঘমেয়াদে ‘বিবি প্লাস’ ও স্বল্পমেয়াদে ‘এসটি-৫’। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ৩১ ডিসেম্বর ২০২৩ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং রেটিং ঘোষণার দিন পর্যন্ত প্রাসঙ্গিক অন্যান্য গুণগত ও পরিমাণগত তথ্যের ভিত্তিতে এ প্রত্যয়ন করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস পিএলসি (সিআরআইএসএল)।
২০০৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রাইম ফাইন্যান্সের অনুমোদিত মূলধন ৩০০ কোটি ও পরিশোধিত মূলধন ২৭২ কোটি ৯১ লাখ ৬০ হাজার টাকা। পুঞ্জীভূত লোকসানের পরিমাণ ৮২ কোটি ৭ লাখ টাকা।


