প্রাইম ব্যাংক-আইটিএফসি উচ্চপর্যায়ের বৈঠক
বিশেষ করে বাণিজ্য অর্থায়ন সুবিধা, বৈদেশিক মুদ্রার তারল্য ব্যবস্থাপনা এবং টেকসই অর্থায়ন কর্মসূচি যৌথভাবে এগিয়ে নেয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
আন্তঃসীমান্ত বাণিজ্য অর্থায়ন সুবিধা সম্প্রসারণ ও বৈদেশিক মুদ্রার তারল্য ব্যবস্থাপনায় সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছে প্রাইম ব্যাংক পিএলসি ও আন্তর্জাতিক ইসলামী বাণিজ্য অর্থায়ন সংস্থা (আইটিএফসি)। ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ে গতকাল প্রতিষ্ঠান দুটির মধ্যে উচ্চপর্যায়ের এক বৈঠকে এ বিষয়টি উঠে আসে। এতে আইটিএফসি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) প্রকৌশলী আদীব ইউসুফ আল আ’মা। অন্যদিকে প্রাইম ব্যাংকের সিইও ফয়সাল রহমানের নেতৃত্বে বৈঠকে ব্যাংকের ঊর্ধ্বতন ব্যবস্থাপনা ও নির্বাহী পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন। ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বৈঠকে বাংলাদেশের বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ডে সহায়তা জোরদারের পাশাপাশি আন্তঃসীমান্ত বাণিজ্য অর্থায়ন সুবিধা সম্প্রসারণ এবং নতুন সহযোগিতার সুযোগ নিয়ে আলোচনা করা হয়। এ সময় উভয় প্রতিষ্ঠান ভবিষ্যৎ সহযোগিতা আরো সম্প্রসারণের বিষয়ে আশা প্রকাশ করে। বিশেষ করে বাণিজ্য অর্থায়ন সুবিধা, বৈদেশিক মুদ্রার তারল্য ব্যবস্থাপনা এবং টেকসই অর্থায়ন কর্মসূচি যৌথভাবে এগিয়ে নেয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, আইটিএফসি ইসলামী উন্নয়ন ব্যাংক (আইএসডিবি) গ্রুপের সদস্য প্রতিষ্ঠান। বাংলাদেশ সরকারের আমন্ত্রণে গত ৩০ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিতব্য উচ্চপর্যায়ের আইএসডিবি-আইটিএফসি মিশনের অংশ হিসেবে প্রতিনিধি দলটি বর্তমানে বাংলাদেশ সফর করছে।


