রমজানে ব্যাংক লেনদেন কত ঘণ্টা?
আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষে দেশের ব্যাংকগুলোর অফিস ও লেনদেনের সময়সূচিতে পরিবর্তন এনেছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিকস ডিপার্টমেন্ট (এসডিএডি) এসংক্রান্ত নতুন সময়সূচি প্রকাশ করে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, রমজান মাসে রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ব্যাংক লেনদেন চলবে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত—অর্থাৎ প্রতিদিন ৫ ঘণ্টা। একই সময়ে ব্যাংকের অফিস কার্যক্রম চলবে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।
শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে।
ঘোষণায় আরো বলা হয়, দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের জন্য ১৫ মিনিট বিরতি থাকবে। তবে এ সময় অভ্যন্তরীণ সমন্বয়ের মাধ্যমে লেনদেন কার্যক্রম চালু রাখা যাবে।
বর্তমানে ব্যাংক লেনদেন সাধারণত সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এবং অফিস কার্যক্রম সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পরিচালিত হয়।
রমজান মাস শেষে পূর্বের সময়সূচি পুনরায় কার্যকর হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এ নির্দেশনা ইতিমধ্যে কেন্দ্রীয় ব্যাংক দেশে কার্যরত সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠিয়েছে।


