চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান চৌধুরীর মৃত্যুতে এলজিআরডি মন্ত্রীর শোক
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আলহাজ্ব খলিলুর রহমান চৌধুরীর মৃত্যুতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপি নিজ এবং তাঁর মন্ত্রণালয়ের পক্ষ থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
খলিলুর রহমান চৌধুরী গতকাল (২৩ জুলাই, বৃহস্পতিবার) চট্টগ্রামের একটি হাসপাতালে সিসিউইতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
স্থানীয় সরকার মন্ত্রী আজ এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, খলিলুর রহমান চৌধুরী দীর্ঘদিন ধরে কিডনি সমস্যায় ভুগছিলেন। মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান তিনি।


