পঞ্চগড়ের বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু
মোঃ লিহাজ উদ্দিন, (পঞ্চগড়) :
দেশের উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ের বোদা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে উজ্জ্বল হোসেন (২৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় পঞ্চগড় জেলার বোদা উপজেলার চন্দনবাড়ী এলাকার বাজারে এই দুর্ঘটনাটি ঘটে।
জানা যায়, নিহত উজ্জ্বল হোসেন দেবীগঞ্জ উপজেলার কালীগঞ্জের মাটিয়ার পাড়া এলাকার হোসেন আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় চন্দনবাড়ী বাজারে বিদ্যুতের মেইন লাইনের উপর উঠে ডিস লাইনের সংযোগের তার পার করছিলেন উজ্জ্বল হোসেন। এসময় অসাবধানবশত বিদ্যুতের তারে হাত পড়লে বিদ্যুতায়িত হয়ে উজ্জ্বল হোসেন পিলার থেকে নিচে পড়ে যায় । পড়ে যাওয়ার সাথে সাথে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উজ্জ্বল হোসেনকে মৃত ঘোষণা করেন।
পরে নিহত উজ্জ্বল হোসেনের পরিবারকে খবর দেয়া হয়। তার স্বজনরা এসে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হতে তার মরদেহ গ্রামের বাড়ী দেবীগঞ্জ পৌরসভা দন্ডপাল ইউনিয়নের কালীগঞ্জ মাটিয়ারপাড়া গ্রামে নিয়ে যায়।
লাশ পৌঁছার সাথে সাথে গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে। নিহত উজ্জ্বল হোসেন বিবাহিত। তার ৩ বছরের একটি ছেলে রয়েছে। বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী বিদ্যুৎস্পৃষ্টে ওই শ্রমিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। এ ব্যাপারে থানায় ইউডি মামলা হয়েছে।


