তিন শিফটে রাবির ভর্তি পরীক্ষা শুরু
আমজাদ হোসেন শিমুল, (রাজশাহী ব্যুরো) :
তিন শিফটে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভর্তি পরীক্ষা সোমবার (০৪ অক্টোবর) সকাল থেকে শুরু হয়েছে । পরীক্ষায় প্রতিটি আসনের বিপরীতে প্রতিদ্বন্দীতা করছেন গড়ে ৩১ জন শিক্ষার্থী। করোনাকালে সর্বোচ্চ স্বাস্থ্যবিধি মেনে দিনে তিন শিফটে পরীক্ষা গ্রহণ করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এদিকে পরীক্ষায় সব ধরনের জালিয়াতি ঠেকাতে প্রথম দিন থেকে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
সোমবার (০৪ অক্টোবর) সকাল সাড়ে ৯টা থেকে বিজ্ঞান অনুষদভূক্ত সি ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা। যেখানে ৪ হাজার ১৯১ আসনের বিপরীতে পরীক্ষা দিতে নিবন্ধন করেছেন ১ লাখ ২৭ হাজার ৬৪৭ ভর্তিচ্ছু শিক্ষার্থী।
করোনার কারনে ৩০ মিনিট পূর্বেই শিক্ষার্থীদের পরীক্ষার হলে প্রবেশ করানো হয়। এসময় শিক্ষার্থীদের শরীরের তাপমাত্রা পরীক্ষার পাশাপাশি দেয়া হয় হ্যান্ডস্যানিটাইজার, পরীক্ষা কক্ষে নিশ্চিত করা হয় তিন ফুট দূরত্ব। সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে, শিক্ষার্থীদের সুবিধার্থে এলাকাভিত্তিক পরীক্ষা গ্রহন করা যায় কি না সে বিষয়ে নজর দেয়া হবে বললেন, রবি উপাচার্য।
এদিকে পরীক্ষায় যে কোন ধরনের জালিয়াটি ঠেকাতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পাশাপাশি কাজ করছে পুলিশের বিশেষ দল। ৫ অক্টোবর ‘এ’ (মানবিক) ইউনিট ও ৬ অক্টোবর ‘বি’ (বাণিজ্য) ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে শেষ হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর লিয়াকত আলী বলেন, সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রথম দিনের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। কোথায় কোনো ধরনের বিশৃঙ্খলা হয়নি। শান্তিপূর্ণভাবেই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।


