পঞ্চগড়ে মাল্টার বাণিজ্যিক চাষে সাফল্য
মোঃ লিহাজ উদ্দিন, (পঞ্চগড়) :
দেশের সর্ব উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ের সমতল ভূমিতে লেবু জাতীয় ফসল ‘মাল্টা’ চাষের ব্যাপক সম্ভাবনা তৈরি হয়েছে। চা, পান এবং কমলার মত বাণিজ্যিক ভাবে মালটা চাষে ঝুঁকছেন এখানকার কৃষকেরা। দেশের সর্ববৃহৎ মালটার বাগানও এ জেলায়। প্রায় ২০ একর জায়গা জুড়ে গড়ে ওঠা বৃহৎ বাগানটির অবস্থান জেলার বোদা উপজেলায়। এছাড়া জেলার তেঁতুলিয়া উপজেলার সমতল ভূমির চায়ের সঙ্গে সাথী ফসল হিসেবেও চাষ হচ্ছে মালটা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, সমতলের বিস্তীর্ণ চা বাগানে সারি সারি চা গাছের উপরে থোকায় থোকায় ঝুলে থাকা মালটা যেমন একদিকে বাগানের সৌন্দর্য বর্ধন করছে, তেমনি দিচ্ছে বাড়তি আয়ও। আর মালটার বাগান দেখতে প্রতিনিয়ত ভিড় করছেন বিভিন্ন জনেরা।
চাষিরা বলছেন, স্বাদে গুণে অত্যন্ত সুস্বাদু এই মালটা রপ্তানি হচ্ছে দেশের বিভিন্ন জেলায়। অল্প খরচে ভালো লাভ হওয়ায় আগ্রহ বাড়ছে তাদের। আর সাথী ফসল হিসেবে চা বাগানের সার-কীটনাশক দিয়েই মালটা উৎপাদন সম্ভব।
কথা হয় তেঁতুলিয়া উপজেলার রওশনপুর এলাকার মালটা চাষী সাদেকুল ইসলাম সুসমের সঙ্গে। তিনি দেড় বছর আগে তার বাবার দুই একর জমির চা বাগানে সাথী ফসল হিসেবে মালটা চাষ করেন। তিনি জানান, বাগান থেকেই ৮০ থেকে ১০০ কেজি দরে মালটা কিনছেন ব্যবসায়ীরা। তার বাগান থেকে এবার দুই থেকে আড়াই লাখ টাকার মালটা বিক্রি হবে বলে আশা করছেন তিনি।
এদিকে, বোদা উপজেলার বেংহারী বনগ্রাম ইউনিয়নের টেকরাপাড়ায় দেশসেরা মালটা বাগান করেছেন সৈয়দ মাহফুজুর রহমান সেলিম নামের এক ব্যবসায়ী। দিনাজপুরের বীরগঞ্জের এই ব্যবসায়ী দুই বছর আগে ২০ একর জমি লিজ নিয়ে এই বাগান করেন।
সৈয়দ মাহফুজুর রহমান সেলিম জানান, সাত হাজার ৪০০ গাছের এ মালটা বাগানটিতে এ পর্যন্ত তার ব্যয় হয়েছে প্রায় ৬০ লাখ টাকা। ফলন ভালো হলে এক বছরেই দ্বিগুণ মুনাফার আশা করছেন তিনি। তবে এ বছরে তার বাগানে কিছু গাছে মালটার ফলন আসলেও আগামী বছরে বাম্পার ফলনের আশা করছেন তিনি।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, জেলায় এখন পর্যন্ত ৮৫ হেক্টর জমিতে মালটার চাষ হয়েছে। এর মধ্যে বেশির ভাগ চাষিই বারি-১ জাতের মালটা চাষ করেছেন।
পঞ্চগড় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মিজানুর রহমান বলেন, পঞ্চগড়ের মাটি ও আবহাওয়া মালটা চাষের জন্য বেশ উপযোগী। কৃষকদের মালটা চাষে উদ্বুদ্ধ করাসহ সব ধরনের পরামর্শ ও সহযোগিতা করা হচ্ছে বলে জানান এই কর্মকর্তা।


