বিটিসিএল গ্রাহকদের বিল সংগ্রহ করবে ঢাকা ব্যাংক
চুক্তির আওতায় বিটিসিএলের গ্রাহকরা ঢাকা ব্যাংকের বিভিন্ন শাখা, বুথ ও ডিজিটাল ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে টেলিফোন বিল পরিশোধ করতে পারবেন।
ঢাকা ব্যাংক পিএলসি এখন থেকে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) গ্রাহকদের টেলিফোন বিল সংগ্রহ করবে। এ লক্ষ্যে সম্প্রতি রাজধানীর টেলিযোগাযোগ ভবনে এক অনুষ্ঠানে প্রতিষ্ঠান দুটি চুক্তিবদ্ধ হয়। এ সময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ওসমান এরশাদ ফয়েজ এবং বিটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মো. আসলাম হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর ও পরস্পরের মধ্যে বিনিময় করেন। ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।
AKIJ Advertisement
চুক্তির আওতায় বিটিসিএলের গ্রাহকরা ঢাকা ব্যাংকের বিভিন্ন শাখা, বুথ ও ডিজিটাল ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে টেলিফোন বিল পরিশোধ করতে পারবেন। পাশাপাশি এ-সংক্রান্ত তথ্য বিটিসিএলের ই-পেমেন্ট সার্ভারের সঙ্গে অনলাইনে রিয়েল টাইমে যাচাই ও নিশ্চিত করা যাবে। এতে বিল পরিশোধের প্রক্রিয়া আরো সহজ, দ্রুত ও নির্ভরযোগ্য হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
অনুষ্ঠানে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও সিসিএলও শেখ আব্দুল বাকির; সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও কারওয়ান বাজার শাখার ব্যবস্থাপক সৈয়দ আশরাফুল আমিন; ক্যাশ ম্যানেজমেন্ট অ্যান্ড লায়াবিলিটি মার্কেটিং ইউনিটের প্রধান মোসলে সাদ মাহমুদ; এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও অপারেশনস প্রধান মো. মাহবুবুর রহমান এবং এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও আইটি প্রধান মোহাম্মদ আসিফ হোসেন উপস্থিত ছিলেন।
এছাড়া বিটিসিএলের পক্ষে ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক (মেইনটেন্যান্স অ্যান্ড অপারেশন) মির্জা কামাল আহম্মদ; উপব্যবস্থাপনা পরিচালক (করপোরেট অ্যাফেয়ার্স) মোহাম্মদ মাহমুদুল হক, উপব্যবস্থাপনা পরিচালক (অর্থ) মো. শফিকুর রহমান এবং উপব্যবস্থাপনা পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) ড. মো. আনোয়ার হোসেন মাসুদ।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ঢাকা ব্যাংকের শাখা নেটওয়ার্ক ও ডিজিটাল ব্যাংকিং অবকাঠামো ব্যবহার করে বিটিসিএল গ্রাহকদের বিল পরিশোধের সুবিধা সম্প্রসারণের ফলে প্রচলিত ব্যবস্থার পাশাপাশি ডিজিটাল পেমেন্টের ব্যবহার আরো বাড়বে।


