ইসলামিক ফাইন্যান্সের নতুন এমডি মোহাম্মদ খোরশেদ আলম
শরিয়াহভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট পিএলসির (আইএফআইপিএলসি) নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ খোরশেদ আলম।
সম্প্রতি তিনি এ পদে যোগ দিয়েছেন বলে আইএফআইপিএলসির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
ব্যাংক খাতে মোহাম্মদ খোরশেদ আলমের প্রায় ২৭ বছরের অভিজ্ঞতা রয়েছে। আইএফআইপিএলসিতে যোগ দেয়ার আগে তিনি ইন্টারন্যশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের এমডি ও সিইও হিসেবে দায়িত্ব পালন করেন।
মোহাম্মদ খোরশেদ আলম এর আগে দীর্ঘ ১৬ বছর ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) পিএলসিতে কর্মরত ছিলেন। ২০০৮-২৪ সাল পর্যন্ত তিনি ব্যাংকটির শাখা ব্যবস্থাপক ও আঞ্চলিক ব্যবস্থাপক হিসেবে এবং অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ও পরিপালন, নিরীক্ষা, মানবসম্পদ ব্যবস্থাপনা, শিক্ষা ও উন্নয়ন, আর্থিক অন্তর্ভুক্তি, খেলাপি ঋণ পুনরুদ্ধার ও ব্যবস্থাপনা বিভাগে দায়িত্ব পালন করেন। সর্বশেষ ২০২১-২৪ সাল পর্যন্ত তিনি ইউসিবির উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে নেতৃত্ব দেন।
মোহাম্মদ খোরশেদ আলম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণিতে স্নাতকোত্তর সম্পন্ন করেন। পরবর্তী সময়ে ঢাবির ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন।


