প্রথমার্ধে লোকসান থেকে মুনাফায় আরএকে সিরামিকস
পুঁজিবাজারে তালিকাভুক্ত আরএকে সিরামিকস (বাংলাদেশ) লিমিটেডের চলতি ২০২৬ হিসাব বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) ২ কোটি টাকা কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে।
আগের হিসাব বছরের একই সময়ে ২১ কোটি টাকা নিট লোকসান ছিল। মূলত বিক্রি ও উৎপাদন বাড়ার কারণে কোম্পানিটির মুনাফা বেড়েছে। আরএকে সিরামিকসের চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।
আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি হিসাব বছরের প্রথমার্ধে আরএকে সিরামিকসের ৩৭৪ কোটি বিক্রি হয়েছে, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৩১০ কোটি টাকা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির বিক্রি বেড়েছে প্রায় ২১ শতাংশ। বিক্রি বেড়ে যাওয়ার কারণে এ সময়ে কোম্পানিটির গ্রস মুনাফা আগের বছরের একই সময়ের তুলনায় বেড়ে ৭১ কোটি ৯৭ লাখ টাকায় দাঁড়িয়েছে। ২০২৫ হিসাব বছরের প্রথমার্ধে ২ কোটি ৭৮ লাখ টাকা পরিচালন লোকসান থাকলেও চলতি হিসাব বছরের একই সময়ে এসে কোম্পানিটির ১৬ কোটি ৮০ লাখ টাকা পরিচালন মুনাফা হয়েছে। ২০২৬ হিসাব বছরের প্রথমার্ধে আরএকে সিরামিকসের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে শেয়ারপ্রতি লোকসান হয়েছিল ৪৯ পয়সা। ৩০ জুন ২০২৬ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৫ টাকা ৮ পয়সায়।
কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়েছে, গ্যাসের চাপ বাড়ার কারণে উৎপাদন বেড়েছে। এতে করে বিক্রির পরিমাণও আগের চেয়ে বৃদ্ধি পেয়েছে। এছাড়া অবচয় কমার কারণে উৎপাদন ব্যয় কমেছে। এতে গ্রস মুনাফা মার্জিন ১৪ দশমিক ৯৭ শতাংশ থেকে ১৯ দশমিক ২৪ শতাংশে উন্নীত হয়েছে।
সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৫ হিসাব বছরে উদ্যোক্তা পরিচালক বাদে সাধারণ বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে আরএকে সিরামিকস। আলোচ্য হিসাব বছরে আরএকে সিরামিকসের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৯৩ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৬ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৫ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৫ টাকা ৩০ পয়সায়।
২০২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে আরএকে সিরামিকসের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৬ পয়সা। আগের হিসাব বছরে ইপিএস ছিল ১ টাকা ৪৪ পয়সা।


