শিরোনাম

South east bank ad

নগদের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের গ্রাহককে ব্যাংকিং সেবা দেবে এনআরবি ব্যাংক

 প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

নগদের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের গ্রাহককে ব্যাংকিং সেবা দেবে এনআরবি ব্যাংক

গ্রাহকদের আর্থিক লেনদেন আরো সহজ ও সাশ্রয়ী করতে নতুন উদ্যোগ নিয়েছে এনআরবি ব্যাংক পিএলসি ও ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবাপ্রতিষ্ঠান নগদ।

এ লক্ষ্যে প্রতিষ্ঠান দুটির মধ্যে একটি কৌশলগত চুক্তি স্বাক্ষর হয়েছে। সোমবার রাজধানীর গুলশানে এনআরবি ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষর হয়। এ অংশীদারত্বের আওতায়, নগদের প্লাটফর্ম ব্যবহার করে দেশের যেসব প্রত্যন্ত অঞ্চলে এনআরবি ব্যাংকের নিজস্ব শাখা নেই, সেখানে গ্রাহকদের ব্যাংকিং সেবা পৌঁছে দেয়া সম্ভব হবে।

চুক্তিতে স্বাক্ষর করেন বাংলাদেশ ব্যাংক নিযুক্ত নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ এবং এনআরবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রিয়াজ খান। চুক্তির আওতায় এনআরবি ব্যাংকের মাধ্যমে প্রবাস থেকে পাঠানো রেমিট্যান্স দ্রুততম সময়ে নগদের ওয়ালেটের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের গ্রাহকদের কাছে পৌঁছে যাবে। এর ফলে দেশের যেকোনো প্রান্ত থেকে উপকারভোগীরা ২৪ ঘণ্টা রেমিট্যান্স গ্রহণ করতে পারবেন। এছাড়া নগদ ও এনআরবি ব্যাংক যৌথভাবে ন্যানো লোন, করপোরেট কালেকশনসহ বিভিন্ন আর্থিক সেবার পরিধি বাড়ানোর উদ্যোগ নেবে বলে অনুষ্ঠানে জানানো হয়।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এনআরবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রিয়াজ খান বলেন, ‘প্রচলিত লেনদেন পদ্ধতির পরিবর্তনে প্রযুক্তিনির্ভর অংশীদারত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নগদের মতো প্রতিষ্ঠানের সঙ্গে এ অংশীদারত্বের মাধ্যমে আমরা আমাদের সেবার পরিধি আরো বাড়াতে পারব।’

নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ বলেন, ‘ফিনটেক আগামী দিনে প্রচলিত লেনদেন ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনবে। সময়ের চাহিদা পূরণে বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নগদ সেই লক্ষ্যেই কাজ করছে এবং দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখছে।’

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: