শিরোনাম

South east bank ad

আয় বৃদ্ধি ও ব্যয় নিয়ন্ত্রণের ফলে বিডি ল্যাম্পসের লোকসান কমেছে

 প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

আয় বৃদ্ধি ও ব্যয় নিয়ন্ত্রণের ফলে বিডি ল্যাম্পসের লোকসান কমেছে

প্রকৌশল খাতের তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ ল্যাম্পস (বিডি ল্যাম্পস) পিএলসির চলতি ২০২৫-২৬ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) আগের হিসাব বছরের একই সময়ের তুলনায় উল্লেখযোগ্য পরিমাণ লোকসান কমেছে।

চলতি হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৮৩ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৫ টাকা ৪৬ পয়সা। মূলত আয় বাড়ার পাশাপাশি ব্যয় নিয়ন্ত্রণের ফলে লোকসান কমেছে বলে জানিয়েছে কোম্পানিটি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৫-২৬ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে বিডি ল্যাম্পসের আয় হয়েছে ১৫৪ কোটি টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১৩৮ কোটি টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির পরিচালন খাতে ব্যয় হয়েছে ২৪ কোটি ৫৩ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২৬ কোটি ৯১ লাখ টাকা। আয় বাড়ার পাশাপাশি ব্যয় কমার কারণে চলতি হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে কর-পরবর্তী নিট লোকসান হয়েছে ৮৭ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৫ কোটি ৭৪ লাখ টাকা।

সর্বশেষ সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে বিডি ল্যাম্পসের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৬ টাকা ২২ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১২ টাকা ৭৬ পয়সা (পুনর্মূল্যায়িত)। ৩০ জুন ২০২৫ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৩৯ টাকা ৯৩ পয়সায়।

সমাপ্ত ২০২৩-২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের মোট ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটির পর্ষদ। এর মধ্যে ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ। আলোচ্য হিসাব বছরে বিডি ল্যাম্পসের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১৩ টাকা ৪০ পয়সা। আগের হিসাব বছরে ইপিএস ছিল ১ টাকা ১০ পয়সা। ৩০ জুন ২০২৪ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৫১ টাকা ১২ পয়সায়।

সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে বিডি ল্যাম্পসের ইপিএস হয়েছে ১ টাকা ১০ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৮ টাকা ২০ পয়সা (পুনর্মূল্যায়িত)। ৩০ জুন ২০২৩ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৮২ টাকা ৯১ পয়সায়।

বিডি ল্যাম্পসের সর্বশেষ সার্ভিল্যান্স রেটিং দীর্ঘমেয়াদে ‘‌এএ মাইনাস’ ও স্বল্পমেয়াদে ‘‌এসটি-২’। ৩০ জুন সমাপ্ত ২০২১ থেকে ২০২৫ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, চলতি ২০২৫-২৬ হিসাব বছরের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং রেটিং ঘোষণার দিন পর্যন্ত প্রাসঙ্গিক অন্যান্য পরিমাণগত ও গুণগত তথ্যের ভিত্তিতে এ প্রত্যয়ন করেছে ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল)।

১৯৮১ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত বিডি ল্যাম্পসের অনুমোদিত মূলধন ৫০ কোটি ও পরিশোধিত মূলধন ১০ কোটি ৫২ লাখ ৮০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ৩৩ কোটি ৬৮ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ১ কোটি ৫ লাখ ২৭ হাজার ৮৭৭। এর ৬১ দশমিক ৮৫ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৯ দশমিক ১৫, বিদেশী বিনিয়োগকারী দশমিক শূন্য ৩ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ২৮ দশমিক ৯৭ শতাংশ শেয়ার রয়েছে।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: