এনআরবিসি ব্যাংকে নবনিযুক্ত এমটিওদের ওরিয়েন্টেশন
এনআরবিসি ব্যাংক পিএলসিতে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের (এমটিও) দিনব্যাপী ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
ব্যাংকের প্রধান কার্যালয়ে গতকাল এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান মো. আলী হোসেন প্রধানিয়া। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ড. মো. তৌহিদুল আলম খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) মোহাম্মদ আব্দুল কাইয়ুম খান।
এনআরবিসি ব্যাংক এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ওরিয়েন্টেশন অনুষ্ঠানে নবনিযুক্ত এমটিওদের সময়, জ্ঞান ও মেধাভিত্তিক ব্যাংকিং করার জন্য তাগিদ দেয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের চেয়ারম্যান মো. আলী হোসেন প্রধানিয়া বলেন, ‘একজন ব্যাংকারের জন্য সততা, শৃঙ্খলা ও পেশাগত দক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’ তিনি নবীন কর্মকর্তাদের ব্যাংকিং কার্যক্রম সম্পর্কে বাস্তবভিত্তিক জ্ঞান অর্জনের পাশাপাশি দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
ওরিয়েন্টেশন অনুষ্ঠানে এনআরবিসি ব্যাংকের এমডি ও সিইও ড. মো. তৌহিদুল আলম খান বলেন, ‘নতুন কর্মকর্তাদের ওপর ব্যাংকের সেবার মান বজায় রাখা ও গ্রাহক সন্তুষ্টি নিশ্চিত করার গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে।’ তিনি সবাইকে ধারাবাহিক ব্যাংকিং বিষয়ে অত্যাধুনিক জ্ঞান অর্জন, জনাবদিহিতা ও কর্মদক্ষতার মাধ্যমে নিজেদের প্রস্তুত করার পরামর্শ দেন।


