এনআরবিসি আল-আমিন ইসলামিক ব্যাংকিং উইন্ডোর ‘ডিজিটাল দানবক্স’ সেবা চালু
দান-সদকা ও জাকাত প্রদান এবং নগদবিহীন লেনদেনে উৎসাহিত করতে ‘ডিজিটাল দানবক্স’ সেবা চালু করেছে এনআরবিসি আল-আমিন ইসলামিক ব্যাংকিং উইন্ডো।
বাংলা কিউআর কোডের মাধ্যমে বিভিন্ন ব্যাংকের অ্যাপ ও মোবাইল ব্যাংকিং অ্যাপ থেকে যেকোনো পরিমাণ অর্থ মসজিদ, মাদ্রাসা, এতিমখানাসহ বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠানের ‘ডিজিটাল দানবক্সে’ অর্থ দেয়া যাবে।
এনআরবিসি ব্যাংক গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সম্প্রতি এক অনুষ্ঠানে ‘ডিজিটাল দানবক্স’ সেবা কার্যক্রমের উদ্বোধন করেন এনআরবিসি আল-আমিন ইসলামিক ব্যাংকিং উইন্ডোর শরিয়াহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী। এ সময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ড. মো. তৌহিদুল আলম খান; শরিয়াহ কমিটির সদস্য ড. মুহাম্মদ ওবায়দুল্লাহ ও হাফেজ মুফতি সাইফুল ইসলাম; উপব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আব্দুল কাইয়ুম খান; ঋণ ব্যবস্থাপনা প্রধান তনুশ্রী মিত্র; প্রধান মানবসম্পদ কর্মকর্তা ফয়সল আহমেদ; প্রধান আর্থিক কর্মকর্তা রাশেদুল ইসলাম এবং আল-আমিন ইসলামিক ব্যাংকিং উইন্ডোর প্রধান মো. আব্দুল গফুর রানাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে এনআরবিসি ব্যাংকের এমডি ও সিইও ড. মো. তৌহিদুল আলম খান বলেন, ‘ডিজিটাল দানবক্সের মাধ্যমে সাধারণ মানুষ সহজ, নিরাপদ ও স্বচ্ছ উপায়ে দান-সদকা প্রদান করতে পারবেন। এ উদ্যোগ নগদবিহীন লেনদেন সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি আর্থিক অন্তর্ভুক্তি ও সচেতনতা বৃদ্ধিতে সহায়ক হবে।’
এনআরবিসি ব্যাংক জানিয়েছে, সম্পূর্ণ শরিয়াহ মেনে পরিচালিত আল-আমিন ইসলামিক ব্যাংকিং উইন্ডোর আওতায় প্রথমে ব্যাংকের বিভিন্ন শাখায় মসজিদ, মাদ্রাসা, এতিমখানাসহ দাতব্য প্রতিষ্ঠানের নামে হিসাব খোলা হয়। এ হিসাব নম্বর ব্যবহার করে কিউআর কোড সরবরাহ করা হয়; যা স্ক্যান করে যেকোনো ব্যাংকের অ্যাপ ও মোবাইল ব্যাংকিং অ্যাপ থেকে টাকা পাঠানো যায়। কিউআর কোডের মাধ্যমে পাঠানো টাকা সরাসরি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের হিসাবে জমা হয়। এতে জাকাত এবং দান-সদকা প্রদান আরো বেশি সহজ ও নিরাপদ হয়।


