আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের সাব-স্টাফদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ
রমজান উপলক্ষে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির বিভিন্ন স্তরের সাব-স্টাফদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে গতকাল ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাফাত উল্লা খান। ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমডি ও সিইও মো. রাফাত উল্লা খান জানান, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক সবসময়ই তার কর্মকর্তা-কর্মচারীদের কল্যাণে বিভিন্ন উদ্যোগ নিয়ে থাকে। তিনি বলেন, ‘রমজান সংযম, আত্মশুদ্ধি ও পারস্পরিক সহমর্মিতার বার্তা বহন করে। এ পবিত্র মাসে ব্যাংকের সাব-স্টাফদের মাঝে ইফতার সামগ্রী বিতরণের এ উদ্যোগ সবার মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ আরো জোরদার করবে।’
অনুষ্ঠানে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুর রহমান, মো. আসাদুজ্জামান ভূঁইয়া ও মোহাম্মদ হোসাইন এবং ব্যাংকের বিভিন্ন বিভাগের প্রধানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, রমজানের তাৎপর্য ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ধারাবাহিকভাবে এমন উদ্যোগ নিয়ে আসছে, যা কর্মকর্তা-কর্মচারীদের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
উল্লেখ্য, শরিয়াহ্ভিত্তিক ব্যাংকিং কার্যক্রমের পাশাপাশি আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে শিক্ষা, স্বাস্থ্য এবং দুর্যোগ ও মানবিক সহায়তামূলক বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে আসছে।


